ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর প্রার্থী দেলাওয়ার হোসেন।
আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে ঠাকুরগাঁও পৌর শহরের হাজীপাড়া আদর্শ উচ্চবিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট দেন। ভোটকেন্দ্রে আসা-যাওয়ার সময় তিনি উপস্থিত সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন।
ভোটদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দেলাওয়ার হোসেন ভোটারদের স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানান। এ সময় ভোটকেন্দ্রের পরিবেশ ও শৃঙ্খলা নিয়ে কিছু অবজারভেশন তুলে ধরে তিনি বলেন, “আমি যে কেন্দ্রে ভোট দিয়েছি, সেখানে এসে দেখেছি প্রিজাইডিং কর্মকর্তার গলায় ঝোলানো কার্ডে কোনো ছবি নেই। এমন অবস্থায় তিনি সংশ্লিষ্ট ব্যক্তি কি না, তা যাচাই করা কঠিন এবং এখানে প্রক্সি (অন্যের পরিবর্তে ভোট দেওয়া) দেওয়ার শঙ্কা থাকে। বিষয়টি দ্রুত দেখার জন্য রিটার্নিং কর্মকর্তাকে অনুরোধ করছি।”
নির্বাচন সুষ্ঠু হওয়া প্রসঙ্গে তিনি আরও বলেন, “যেহেতু নির্বাচন দলীয় সরকারের অধীনে হচ্ছে, তাই এটি কতটা সুষ্ঠু হবে তা মূলত নির্ভর করছে সরকার, নির্বাচন কমিশন এবং দায়িত্বপ্রাপ্ত প্রশাসনের ভূমিকার ওপর।”
ঠাকুরগাঁওয়ের জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম জানিয়েছেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েনের পাশাপাশি স্ট্রাইকিং ও রিজার্ভ ফোর্স প্রস্তুত রাখা হয়েছে।
নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও-১ আসনের মোট ১৮৫টি ভোটকেন্দ্রে ৫ লাখ ১৫ হাজার ৮৫৩ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এ উপনির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়াই করছেন বিএনপির মির্জা ফয়সল আমীন এবং জামায়াত সমর্থিত প্রার্থী দেলাওয়ার হোসেন।
উল্লেখ্য, গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে জয়ী বিএনপির তৎকালীন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরবর্তীতে দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হলে আসনটি শূন্য হয়। শূন্য হওয়া এই আসনেই আজ উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।