চট্টগ্রাম নগরীতে মশকনিধন কার্যক্রমে আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে মার্কিন সহযোগিতার সম্ভাবনা নিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেনের সঙ্গে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের এক প্রতিনিধিদলের বৈঠক হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) চসিক কার্যালয়ে আয়োজিত এই বৈঠকে মার্কিন দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর পল ফ্রস্ট, ইউএস কমার্শিয়াল সার্ভিসের কমার্শিয়াল স্পেশালিস্ট মাশহুর আলম শেঠ এবং হোটেল আগ্রাবাদ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের গ্রুপ প্রেসিডেন্ট মোহাম্মদ ইরাদ আলী অংশ নেন।

বৈঠকে মশকনিধনে পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি চট্টগ্রামের বাণিজ্যিক সম্ভাবনা এবং দেশি-বিদেশি বিনিয়োগের বিভিন্ন সুযোগ নিয়ে আলোচনা হয়।

প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রামকে একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও বিনিয়োগবান্ধব আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করছে চসিক। বিশ্বব্যাপী পরীক্ষিত ও কার্যকর আধুনিক প্রযুক্তির প্রয়োগ মশকনিধন কার্যক্রমকে আরও সমৃদ্ধ করতে পারে। মশার প্রজননস্থল ধ্বংস, লার্ভা নিয়ন্ত্রণ এবং নিয়মিত নজরদারির মাধ্যমে একটি দীর্ঘমেয়াদি ও টেকসই মশক ব্যবস্থাপনা গড়ে তোলাই বর্তমান চসিকের মূল লক্ষ্য।

তিনি আরও উল্লেখ করেন, বন্দর নগরী হিসেবে চট্টগ্রামের বিশেষ অর্থনৈতিক গুরুত্ব রয়েছে। একটি বাসযোগ্য ও সুশৃঙ্খল নগরী গড়ে তুলতে পারলে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ তৈরি করা সম্ভব হবে।

বৈঠকে মার্কিন প্রতিনিধিদলের সদস্যরা পরিবেশবান্ধব জৈব লার্ভিসাইড 'বিটিআই ডাঙ্কস' ও 'বিটিআই বিটস' প্রয়োগের কার্যকারিতা তুলে ধরেন। প্রাকৃতিক ব্যাকটেরিয়াভিত্তিক এসব উপাদান জমে থাকা পানির মশার লার্ভা ধ্বংসে অত্যন্ত কার্যকর, যা মানুষ, অন্যান্য প্রাণী ও পরিবেশের জন্য নিরাপদ। চট্টগ্রামের ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে এই প্রযুক্তি ব্যবহারের সুযোগ নিয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা করা হয়।