আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ও ভোলা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন বলেছেন, সাধারণ মানুষ আমাদের কাছে নিরাপদ হলেও অতীতে যারা বিএনপি করার অপরাধে নেতাকর্মীদের ওপর নির্যাতন চালিয়েছে, তাদের ঠাঁই হবে জেলে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় ভোলার চরফ্যাশন উপজেলা শহরে স্থানীয় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, "আমরা বলেছিলাম আমাদের কাছে সবাই নিরাপদ। কিন্তু যারা আমাদের সহযোদ্ধাদের হাত-পা কেটে নিয়েছে, চোখ তুলে নিয়েছে, বিএনপি করার অপরাধে মানুষকে বাস্তুচ্যুত করেছে এবং জমি-ব্যবস্থাপ্রতিষ্ঠান দখল করেছে, তারা নিরাপদ থাকবে না; তারা থাকবে জেলখানায়। শুধু ওইসব দুর্বৃত্ত ছাড়া বাকি সবাই আমাদের কাছে নিরাপদ।"

যুবদলের ঐতিহাসিক ভূমিকার কথা উল্লেখ করে নয়ন বলেন, গত ১৭ বছর ধরে আওয়ামী ফ্যাসিবাদবিরোধী আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিবাদের পতন পর্যন্ত যুবদল মাঠের অগ্রভাগে ছিল। তারেক রহমানের নেতৃত্বে জীবনের ঝুঁকি নিয়ে লড়াই করতে গিয়ে অসংখ্য ছাত্র-যুবক জীবন দিয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে এবং নানা নির্যাতনের শিকার হয়েছে।

সমাবেশে তিনি নেতাকর্মীদের মাদক ও মাদকসংশ্লিষ্টদের থেকে দূরে থাকার পরামর্শ দেন এবং মাদক ব্যবসায়ীদের আইনি প্রক্রিয়ায় সোপর্দ করার নির্দেশ দেন। একই সঙ্গে চরফ্যাশন ও মনপুরা এলাকার সার্বিক উন্নয়নে সরকারের গৃহীত পরিকল্পনা তুলে ধরেন।

চরফ্যাশন উপজেলা যুবদলের আহ্বায়ক সহিদুল আলম প্রিন্সের সভাপতিত্বে এবং সদস্য সচিব জাহিদুল ইসলাম রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ভোলা জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিমসহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ।