বিএনপি নির্বাচনী ইশতেহারে দেওয়া ওয়াদা ও প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন দলের যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়নে এক রাস্তার ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
খায়রুল কবির খোকন বলেন, ৩১ দফা রাষ্ট্র সংস্কারসহ নির্বাচনের প্রাক্কালে যেসকল প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তার সবই পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হচ্ছে। এর মধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড প্রদান, বয়স্ক ও প্রতিবন্ধী ভাতা এবং মসজিদ-মন্দিরের ধর্মীয় প্রধানদের বেতন ভাতাদিসহ নানা সামাজিক সুরক্ষা কর্মসূচি অন্তর্ভুক্ত রয়েছে। তিনি উল্লেখ করেন, বিএনপি কখনও জনগণের সাথে প্রতারণা করে না বলেই বারবার জনগণের প্রত্যক্ষ রায়ে ক্ষমতায় এসেছে।
বিগত ১৭ বছরের প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, আওয়ামী লীগ গুম, খুন ও দুর্নীতির দায়ে নিষিদ্ধ হয়েছে এবং শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। বর্তমানে সেই দলের দোসররা পুনরায় দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির ষড়যন্ত্র করছে, যা মোকাবিলায় নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।
মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিষয়ে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে বিএনপির এই নেতা স্পষ্ট সতর্কবার্তা দেন যে, অন্যায়-অপরাধের সঙ্গে দলীয় কেউ জড়িত থাকলেও কোনো ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দলীয় পরিচয় বিবেচনা না করেই কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।
আলোকবালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত কর্মসূচিতে নরসিংদী জেলা বিএনপি, অঙ্গসংগঠন ও স্থানীয় এলজিইডির বিভিন্ন স্তরের কর্মকর্তা-নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।