দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে মানুষ আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে উল্লেখ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি শেখ ফজলুল করীম মারুফ বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) পাল্টাপাল্টি বক্তব্যই প্রমাণ করে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সরকারের কার্যকরী সমন্বয় নেই এবং বাহিনীটি সরকারের নিয়ন্ত্রণেও নেই।

শুক্রবার (৩০ অক্টোবর) ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ শাখার নিয়মিত মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্প্রতি এক অনুষ্ঠানে আইজিপি মো. আলী হোসেন ফকিরের ‘সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করা হবে’ এমন বক্তব্যের প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ তা সরাসরি নাকচ করে দেন এবং জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন।

আইজিপি ও স্বরাষ্ট্রমন্ত্রীর এই ভিন্নমুখী অবস্থান তুলে ধরে শেখ ফজলুল করীম মারুফ বলেন, দায়িত্বশীল জায়গা থেকে এমন দায়সারা ও সমন্বয়হীন বক্তব্য রাষ্ট্রের নিরাপত্তা কাঠামোকে দুর্বল করে দিচ্ছে। এ অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে প্রশাসনের কার্যকর সমন্বয় নিশ্চিত করতে তিনি প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ দাবি করেন।

একই সভায় সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণ সেক্রেটারি ও কেন্দ্রীয় মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক কে এম শরীয়াতুল্লাহ বলেন, সংস্কার কমিশন নিয়ে বর্তমান সরকার ক্ষমতায় আসার আগে যে প্রতিশ্রুতি দিয়েছিল, ৯ মাস পার হলেও তা বাস্তবায়নে কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। সরকারের এই উদাসীনতা ও গড়িমসির তীব্র সমালোচনা করে তিনি দ্রুত গণভোটের রায় কার্যকরের দাবি জানান।