কানেক্টিভিটির নামে বাংলাদেশকে কারও কাছে ইজারা দেওয়া চলবে না বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (৩১ অক্টোবর ২০২৬) সকালে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চের উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর সম্প্রতি সমাপ্ত চার দিনের বিদেশ সফর নিয়ে ক্ষোভ প্রকাশ করে জামায়াত আমির বলেন, কী জন্য প্রধানমন্ত্রী গিয়েছিলেন এবং কী করে এসেছেন, তা জাতির সামনে পরিষ্কার করতে হবে। বিশেষ করে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর নিয়ে কোনো লুকোচুরি করা হচ্ছে কি না, সে বিষয়েও দেশবাসীকে স্পষ্ট জানাতে হবে।

সমাবেশে তিনি বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন না হওয়ার কারণেই বাকি সব সমস্যার জন্ম হয়েছে। বিএনপি জাতির সঙ্গে ঐতিহাসিক প্রতারণা করেছে এবং কথা দিয়ে কথা রাখেনি বলে অভিযোগ করে তিনি বলেন, ৯ তারিখ সংসদ বসার আগেই গণভোটের রায় বাস্তবায়নের ঘোষণা না দিলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। যুবসমাজসহ দেশবাসীকে যেকোনো ত্যাগের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, আরেকটি অনিবার্য বিপ্লব আমাদের দরজায় কড়া নাড়ছে।

উদ্বোধনী এই সমাবেশে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এবি পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জুসহ অন্যান্য নেতৃবৃন্দ।