টাঙ্গাইলের মধুপুরে কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি (টপ সয়েল) কেটে বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) মধুপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাইতকাই এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
কৃষিজমির টপ সয়েল কাটার সত্যতা পাওয়ায় ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন’ অনুযায়ী ওই ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।
মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় মধুপুর থানার উপপরিদর্শক (এসআই) জুয়েল রানার নেতৃত্বে পুলিশের একটি দল আদালতকে সহযোগিতা করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম বলেন, "কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি কেটে নেওয়া জমির উৎপাদনক্ষমতা ও কৃষির জন্য মারাত্মক ক্ষতিকর। কৃষিজমির উর্বরতা রক্ষা এবং জনস্বার্থে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।"