স্টার্টআপ কোম্পানির কর অব্যাহতি ও প্রণোদনা সুবিধা নিশ্চিত করতে ‘স্টার্টআপ স্যান্ডবক্স’ নিবন্ধন ও কর পরিপালনের বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এনবিআর চেয়ারম্যান স্বাক্ষরিত গত ২৮ অক্টোবরের নির্দেশনা অনুযায়ী, আবেদন পাওয়ার ৬০ দিনের মধ্যে যাচাই-বাছাই শেষে নিবন্ধন সনদ প্রদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে কোনো সিদ্ধান্ত না এলে আবেদনটি স্বয়ংক্রিয়ভাবে অনুমোদিত বলে গণ্য হবে।

নতুন নিয়ম অনুযায়ী, স্যান্ডবক্স সুবিধা নিতে আগ্রহী স্টার্টআপকে প্রয়োজনীয় দলিলপত্রসহ এনবিআরের সদস্য (কর আপিল ও অব্যাহতি) বরাবর আবেদন করতে হবে। আবেদনের সঙ্গে রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস (আরজেএসসি) থেকে প্রাপ্ত ইনকরপোরেশন সার্টিফিকেট, সংঘস্মারক (এমওএ) এবং প্রতিষ্ঠানের কার্যক্রমের বিস্তারিত বিবরণ জমা দিতে হবে। এছাড়া স্টার্টআপে ব্যবহৃত ইআরপি, অ্যাকাউন্টিং সফটওয়্যার বা মূল ডিজিটাল সিস্টেমে আয়কর কর্তৃপক্ষকে 'রিড অনলি' বা পাঠযোগ্য প্রবেশাধিকার দেওয়ার সম্মতিপত্র দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

নির্দেশনায় নিবন্ধন বাতিলের কঠোর প্রক্রিয়ার কথাও উল্লেখ করা হয়েছে। ভুল তথ্য প্রদান কিংবা ডিজিটাল সিস্টেমে প্রবেশাধিকার দিতে বাধা সৃষ্টি করলে সংশ্লিষ্ট স্টার্টআপকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। জবাব দেওয়ার জন্য ৬০ দিন সময় প্রদান এবং যুক্তিসংগত শুনানির সুযোগ দিয়ে উপযুক্ত কারণ সাপেক্ষে লিখিত আদেশের মাধ্যমে এনবিআর এই নিবন্ধন বাতিল করতে পারবে।