ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে তৃতীয় দিনের মতো ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন গাজীপুরের কালিয়াকৈরের পোশাক কারখানার শ্রমিকরা। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় ৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে জেলার কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। এর পরপরই সফিপুর, রতনপুর ও আশপাশের বিভিন্ন কারখানার শ্রমিকরা মহাসড়কের দিকে এসে বিক্ষোভে যোগ দেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইতোমধ্যে এলাকায় ৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। গাজীপুরের শিল্প পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, রোববার থেকে গাজীপুরে বিজিবি মোতায়েন করা হয়েছে এবং সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছেন। প্রয়োজন সাপেক্ষে বিজিবির সদস্যসংখ্যা আরও বাড়ানো হতে পারে। তারা কোনাবাড়ী, সফিপুর ও কালিয়াকৈরসহ আশপাশের এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিল্প পুলিশের সঙ্গে যৌথভাবে কাজ করবেন।