চট্টগ্রাম নগরের আতুরার ডিপো এলাকায় অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তিনটি প্রতিষ্ঠানকে সর্বমোট ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করেছে। খাদ্য তৈরিতে নিষিদ্ধ রাসায়নিক রং ব্যবহার, অস্বাস্থ্যকর পরিবেশ এবং নকল ও ক্ষতিকর পণ্য বিক্রির দায়ে এই জরিমানা করা হয়।
রোববার (১ নভেম্বর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মো. ফয়েজ উল্ল্যাহর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সহকারী পরিচালক মো. আনিছুর রহমানসহ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযান সূত্রে জানা যায়, নকল ডানো ক্রিম এবং খাদ্য তৈরিতে ব্যবহার নিষিদ্ধ কেওড়াজল ও গোলাপজল বিক্রির দায়ে 'নিউ খাজা আজমির স্টোর'কে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া অপরিচ্ছন্ন-অস্বাস্থ্যকর পরিবেশ, খাবারে তেলাপোকার বিচরণ এবং রাসায়নিক রং ব্যবহার করার অপরাধে 'মেসার্স তৃপ্তি ফুডস প্রোডাক্ট'কে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, মোড়কে পণ্যের মেয়াদের তথ্য উল্লেখ না করে বাজারজাত করার দায়ে 'মাবিয়া বেকারি'কে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, জনস্বার্থে ও ভোক্তা অধিকার সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।