হয়রানিমুক্ত পরিবেশ সৃষ্টি করে দেশের রাজস্ব আদায় বাড়ানোই জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মূল লক্ষ্য বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান আহসান হাবিব। একই সঙ্গে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে এনবিআর কর্মকর্তাদের শতভাগ সততা, পেশাদারিত্ব ও সেবামুখী মানসিকতা নিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন তিনি।

আজ মঙ্গলবার (৩ নভেম্বর) রাজধানীর এনবিআর ভবনের মাল্টিপারপাস হলে সদ্য নিয়োগপ্রাপ্ত সহকারী কর কমিশনারদের যোগদান উপলক্ষে আয়োজিত সংবর্ধনা ও ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি আয়োজন করে বাংলাদেশ সিভিল সার্ভিস (ট্যাক্সেস) অ্যাসোসিয়েশন।

নবীন কর্মকর্তাদের উদ্দেশে এনবিআর চেয়ারম্যান বলেন, "আপনাদের হাতে সরকার যে ক্ষমতা ও কাজের সুযোগ দিয়েছে, সেটিকে টেকসই করতে হবে। যেকোনো চ্যালেঞ্জ গ্রহণ করাই জীবনের সবচেয়ে বড় সাহসের পরিচয়। এনবিআরের প্রতিটি সিদ্ধান্ত কোনো একক ব্যক্তির নয়, এটি প্রাতিষ্ঠানিক ও সম্মিলিত সিদ্ধান্ত। তাই সংস্থার ভাবমূর্তি উজ্জ্বল রাখতে সবাইকে সুশৃঙ্খলভাবে নিজের দায়িত্ব পালন করতে হবে।"

অটোমেশনের সুবিধার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, করদাতাদের অনলাইন সেবার আওতায় আনার ফলে হয়রানি ও অনিয়ম উল্লেখযোগ্যভাবে কমেছে। গত অর্থবছরে প্রায় ৫০ লাখ করদাতা আয়কর রিটার্ন দাখিল করেছেন। চলতি অর্থবছরে অনলাইনে রিটার্ন দাখিলের এই সংখ্যা আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে অন্যান্য বক্তারাও দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে নবীন কর্মকর্তাদের সর্বোচ্চ নিষ্ঠা ও স্বচ্ছতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।