রাজবাড়ীতে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মোট ২৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল সোমবার (২ নভেম্বর) বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত রাজবাড়ী সদর থানা এলাকায় জেলা প্রশাসনের উদ্যোগে এই পৃথক দুটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের পেছনে অবস্থিত ‘এহসান এন্টারপ্রাইজে’ সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রায়হানুল ইসলামের নেতৃত্বে একটি অভিযান চালানো হয়। এ সময় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রির অপরাধ প্রমাণ হওয়ায় প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. ওয়ালিউল এহসান বিপ্লবকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, রাজবাড়ী সদর হাসপাতাল রোডের ৩ নম্বর বেরাডাঙ্গায় অবস্থিত ‘আল-বারাকা ট্রেডার্সে’ পৃথক অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. মো. আশিকুজ্জামান। এ সময় একই অপরাধে ওই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. সকিবুল ইসলাম সাকিবকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার ক্ষুণ্ণ রোধ এবং বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।