সচিবালয়ে প্রবেশ ও অবস্থানকালে সব কর্মকর্তা-কর্মচারীকে তাদের নিজ নিজ সচিবালয় প্রবেশ কার্ড (আইডি কার্ড) সার্বক্ষণিক দৃশ্যমান স্থানে ঝুলিয়ে বা প্রদর্শন করে রাখার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবালয় নিরাপত্তা শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নির্দেশনা দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সচিবালয়ের অভ্যন্তরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, প্রবেশাধিকার নিয়ন্ত্রণ এবং সার্বিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, সচিবালয়ে প্রতিদিন স্থায়ী ও অস্থায়ী কর্মকর্তা-কর্মচারী ছাড়াও সভা-সেমিনারে আগত এবং ওটিপির (OTP) মাধ্যমে অনেক দর্শনার্থী প্রবেশ করেন। বর্তমানে প্রধানমন্ত্রী প্রতিদিন সচিবালয়ে অফিস করায় এর অভ্যন্তরীণ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।

এই পরিস্থিতিতে সচিবালয়ে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারী যেন প্রবেশ ও অবস্থানকালে আবশ্যিকভাবে তাদের আইডি কার্ড দৃশ্যমান রাখেন, সে বিষয়ে নিজ নিজ মন্ত্রণালয় ও বিভাগে প্রয়োজনীয় নির্দেশ দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।