দেশের শিল্পাঞ্চলগুলোতে চলমান অস্থিতিশীল পরিস্থিতির জন্য সরকারের অপরিকল্পিত ও অপরিপক্ক সিদ্ধান্তকে দায়ী করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদের সদস্য এবং নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ।

মঙ্গলবার (৩ নভেম্বর) জাতীয় শ্রমিক শক্তি আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা এবং মালিক-শ্রমিক আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানান।

হান্নান মাসউদ বলেন, সরকার গত নয় মাসে দেশ পরিচালনার কোনো সঠিক পরিকল্পনা না করে দলীয় সুযোগ-সুবিধা প্রদান ও বিরোধী মত দমনে ব্যস্ত ছিল। সাভার, আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জে তৈরি হওয়া পরিস্থিতির পেছনে সরকারের ভুল পরামর্শকদের হাত রয়েছে। বারবার গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর ফলে উৎপাদন খরচ বেড়ে অর্ডার ও শ্রমিকের জীবনমান কমেছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি উল্লেখ করেন, ২০২৩ সালে বিএনপি ২৫ হাজার টাকা মজুরির দাবিকে যৌক্তিক বললেও বর্তমানে ক্ষমতায় এসে শ্রমিকদের আন্দোলনকে অযৌক্তিক বলছে। অথচ বর্তমান মূল্যস্ফীতিতে চাল, ডাল, তেল, বিদ্যুৎ ও যাতায়াত খরচ কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে, যার সঙ্গে সামঞ্জস্য রেখে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান করা উচিত।

শ্রমিক আন্দোলনে নিষিদ্ধ সংগঠন ও আওয়ামী লীগের উপস্থিতির দায় শ্রমিকদের ওপর চাপানোর তীব্র সমালোচনা করে হান্নান মাসউদ বলেন, গোয়েন্দা সংস্থা থাকা সত্ত্বেও আওয়ামী সন্ত্রাসীদের আশ্রয় ও তাদের অবস্থান ঠেকাইতে না পারার ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত।

পণ্য পরিবহন ও বন্দরে চাঁদাবাজি-ঘুষ বাণিজ্য বন্ধ করতে পারলে মালিকদের উৎপাদন খরচ কমবে, ফলে অর্ডারের ক্ষতি না করে শ্রমিকদের বেতন বৃদ্ধি সম্ভব বলে তিনি মত প্রকাশ করেন। পাশাপাশি আন্দোলনে মেট্রোরেল বন্ধ রাখা, পুলিশি নির্যাতন এবং মজুরি বোর্ডে প্রকৃত শ্রমিক প্রতিনিধিদের অন্তর্ভুক্ত না করার সমালোচনা করে তিনি সরকারকে কঠোর হুঁশিয়ারি দেন।