যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) নির্বাচনে প্রাথমিক গণনায় শুরুতে এগিয়ে থাকলেও এখন কিছুটা পিছিয়ে পড়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি। অন্যদিকে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের ডেমোক্র্যাটিক পার্টি কিছুটা এগিয়ে গেছে।
সংবাদমাধ্যম আল জাজিরার সর্বশেষ প্রাথমিক ফল ও প্রবণতা অনুযায়ী, ভোটগ্রহণ শেষ হওয়া অঙ্গরাজ্যগুলোর প্রাথমিক গণনায় ডেমোক্র্যাটরা ২৯টি আসনে এবং রিপাবলিকানরা ২৬টি আসনে এগিয়ে রয়েছে।
প্রতিনিধি পরিষদের মোট ৪৩৫টি আসনের মধ্যে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে যে কোনো দলকে অন্তত ২১৮টি আসনে জয় লাভ করতে হবে। সর্বশেষ নির্বাচনে রিপাবলিকান পার্টি মাত্র ৫টি আসনের ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল।
নির্বাচনের শুরুতে কেন্টাকি ও ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে গণনা শুরু হয়, যেখানে রিপাবলিকানরা ৮টিতে এবং ডেমোক্র্যাটরা ৩টিতে এগিয়ে ছিল। পরবর্তীতে ফ্লোরিডা, ভার্জিনিয়া, নিউ হ্যাম্পশায়ার ও জর্জিয়ায় ভোট গণনা শুরু হওয়ায় চিত্র বদলাতে শুরু করে।
রাজ্যভিত্তিক প্রাথমিক গণনার চিত্র:
ইন্ডিয়ানা (৭টি আসনে গণনা): ডেমোক্র্যাটরা ৪টি এবং রিপাবলিকানরা ৩টি আসনে এগিয়ে।
কেন্টাকি (৬টি আসনে গণনা): রিপাবলিকানরা ৫টি (যার মধ্যে একটিতে জয় নিশ্চিত) এবং ডেমোক্র্যাটরা ১টিতে এগিয়ে।
ভার্জিনিয়া (৫টি আসনে গণনা): রিপাবলিকানরা ৩টি এবং ডেমোক্র্যাটরা ২টি আসনে এগিয়ে।
ফ্লোরিডা (২৬টি আসনে গণনা): ডেমোক্র্যাটরা ১৭টি এবং রিপাবলিকানরা ১০টি আসনে এগিয়ে রয়েছে।
যুক্তরাষ্ট্রজুড়ে ভোট গণনা চলমান থাকায় সময়ের সঙ্গে সঙ্গে এই ফলাফলের ব্যবধানে পরিবর্তন আসবে।