প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল বৃহস্পতিবার (৫ নভেম্বর) খুলনা সফরে যাচ্ছেন। সফরকালে তিনি বেলা ৩টায় খুলনা জেলা স্টেডিয়াম থেকে একযোগে দেশের ৫০৩টি উপজেলায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

প্রধানমন্ত্রীর এই আগমনকে ঘিরে খুলনাজুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও প্রস্তুতি চোখে পড়ছে। রূপসার কুদির বটতলা থেকে স্টেডিয়াম পর্যন্ত পুরো পথ বর্ণাঢ্য সাজে সাজানো হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীও সতর্ক অবস্থানে রয়েছে। নগরীর বিভিন্ন দেয়ালে সুন্দরবন, ষাটগম্বুজ মসজিদ, মোংলা বন্দরসহ এই অঞ্চলের ইতিহাস-ঐতিহ্য ও গুণী ব্যক্তিদের সুন্দর গ্রাফিতি ফুটিয়ে তোলা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত প্রেসব্রিফিংয়ে জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম জানান, নির্বাচনের পর প্রধানমন্ত্রীর এটিই প্রথম খুলনা সফর। এই আয়োজনের মাধ্যমে তরুণদের ক্রীড়াক্ষেত্রে পেশাদার সুযোগ তৈরি হবে। তিনি আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে বন্ধ মিল-কারখানা চালু, গ্যাস-বিদ্যুৎ খাত ও মোংলা বন্দরের উন্নয়নে কার্যকর পদক্ষেপ নিয়েছেন।

প্রেসব্রিফিংয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহফুজুল আলম খান জানান, 'নতুন কুঁড়ি'র দ্বিতীয় আসরে ১০টি ইভেন্টে প্রায় ১৬ লাখ ২৩ হাজার প্রতিযোগী অনলাইনে রেজিস্ট্রেশন করেছেন। সরকার প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ তৈরির উদ্যোগ নিয়েছে এবং চলতি বছরই ১ হাজার ইউনিয়নে তা বাস্তবায়নের চেষ্টা চলছে। এছাড়া খুলনা বিভাগীয় ও জেলা স্টেডিয়ামের অবকাঠামোগত উন্নয়ন কাজ হাতে নেওয়া হয়েছে।

এর আগে সকালে খুলনা কালেক্টরেট প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়, যাতে প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সর্বস্তরের মানুষ অংশ নেন।