ন্যূনতম বেতন বৃদ্ধি ও কালো তালিকাভুক্তি বন্ধসহ তিন দফা দাবিতে সাভারের হেমায়েতপুরে ঢাকা-আরিচা মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। এসময় বিক্ষুব্ধ শ্রমিকেরা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন এবং সাংবাদিকদের ওপর হামলা চালান। সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ায় সাংবাদিক ও পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
বুধবার (৪ নভেম্বর) সকাল ৯টার দিকে সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা একত্রিত হয়ে সড়ক অবরোধ করেন।
সরেজমিনে জানা যায়, সকালে হেমায়েতপুরের পদ্মার মোড় ও বাসস্ট্যান্ড এলাকায় শ্রমিকেরা জড়ো হলে পুলিশ ও বিজিবি তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এ সময় শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে।
সকাল সাড়ে ১০টার দিকে হেমায়েতপুর-সিংগাইর সড়কে আন্দোলনরত শ্রমিকেরা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন। এর কিছুক্ষণ পর স্টার টেলিভিশনের সাংবাদিক সোহান সিরাজী, ৭১ টিভির সাংবাদিক রায়হান বিন ও ক্যামেরাম্যান উজ্জ্বল হোসেনের ওপর হামলা চালায় বিক্ষুব্ধরা।
অন্যদিকে, আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় কয়েকটি পোশাক কারখানায় কর্মবিরতি শেষে ছুটি ঘোষণা করা হলে শ্রমিকেরা বাইপাইল-আব্দুল্লাহপুর সড়ক অবরোধের চেষ্টা করেন, তবে পুলিশ দ্রুত তাদের সরিয়ে দেয়।
বেলা ১১টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঢাকা-আরিচা মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দিলে সড়কটিতে যান চলাচল স্বাভাবিক হয়।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান নূর জানান, শ্রমিকেরা তাদের ৩ দফা দাবি নিয়ে মহাসড়ক অবরোধ করেছিলেন। বর্তমানে তাদের সরিয়ে দেওয়া হয়েছে এবং যান চলাচল স্বাভাবিক রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।