ঐতিহাসিক ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে নাটোর-৪ (গুরুদাসপুর ও বড়াইগ্রাম) আসনে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নাটোর-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ-এর নেতৃত্বে এই কর্মসূচির আয়োজন করা হয়।

দিবসটি উদযাপন উপলক্ষে একটি সুসজ্জিত ও বিশাল বর্ণাঢ্য র‍্যালি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের সাধারণ জনগণ অংশ নেন।

র‍্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ বলেন, "ঐতিহাসিক ৭ই নভেম্বর আমাদের জাতীয় জীবনের এক অবিস্মরণীয় ও তাৎপর্যপূর্ণ দিন। ১৯৭৫ সালের এই দিনে সিপাহী-জনতার ঐক্যবদ্ধ বিপ্লবের মাধ্যমে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও বহুদলীয় গণতন্ত্র সুরক্ষার ভিত্তি রচিত হয়েছিল।" তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিবর্গ, সমাজসেবক ও সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। সংহতি দিবসের এই আয়োজনকে ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।