নদীর স্বচ্ছ পানিতে আবারও আকাশের ছায়া পড়বে, জোছনা রাতে দেখা যাবে চাঁদের প্রতিবিম্ব—এমন স্বপ্ন বাস্তবায়নে যশোরের ভৈরব নদ পরিষ্কারের উদ্যোগ নিয়েছেন তরুণ চিকিৎসক ডা. সাদিয়া মনোয়ারা উষা। তাঁর আহ্বানে সাড়া দিয়ে অর্ধশতাধিক তরুণ-তরুণী স্বেচ্ছাশ্রমে নদে নেমে কচুরিপানা অপসারণ করেছেন।
সোমবার (৯ নভেম্বর) সকাল ৮টার পর যশোর শহরের দড়াটানা এলাকায় ভৈরব নদের পাড়ে বিভিন্ন স্থান থেকে তরুণ-তরুণীরা সমবেত হতে থাকেন। সকাল ৯টার দিকে তাঁরা নদে নেমে কচুরিপানা পরিষ্কারের কাজ শুরু করেন। কালো ও দূষিত পানির মধ্যেই সম্মিলিতভাবে চলে পরিচ্ছন্নতা কার্যক্রম।
জানা গেছে, গত কয়েক দিন ধরে ডা. উষা নিজের ফেসবুক পেজে ভৈরব নদকে কচুরিপানামুক্ত করার আহ্বান জানিয়ে আসছিলেন। শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে আহ্বান জানিয়েই থেমে থাকেননি তিনি। শুক্রবার ও শনিবার নিজেই নদে নেমে কচুরিপানা পরিষ্কার করেন। পরে সেই ছবি প্রকাশ করে অন্যদেরও এই উদ্যোগে অংশ নেওয়ার আহ্বান জানান। সর্বশেষ রোববার ঘোষণা দেন, সোমবার সকাল ৮টা থেকে সবাই মিলে স্বেচ্ছাশ্রমে নদ পরিষ্কার করবেন।
তাঁর আহ্বানে সাড়া দিয়ে অর্ধশতাধিক তরুণ-তরুণীর অংশগ্রহণে বাস্তবে রূপ নেয় এই উদ্যোগ। তাঁদের কাজ দেখতে নদপাড়ে ভিড় করেন স্থানীয় বাসিন্দারা। অনেকে উৎসাহ ও সাধুবাদ জানান। তাঁদের মতে, এটি শুধু কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ নয়, বরং যশোরের ঐতিহ্যবাহী ভৈরব নদকে আগের সৌন্দর্যে ফিরিয়ে আনার একটি ইতিবাচক প্রচেষ্টা।
যশোর শহরের ঘোপ এলাকায় বেড়ে ওঠা ডা. সাদিয়া মনোয়ারা উষার শৈশব-কৈশোরের স্মৃতির সঙ্গে জড়িয়ে রয়েছে ভৈরব নদ। তিনি খুলনা মেডিকেল কলেজের ২০তম ব্যাচের শিক্ষার্থী এবং ৩৯তম বিসিএসের স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা। বর্তমানে ঢাকায় স্বাস্থ্য অধিদপ্তরে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত রয়েছেন। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের হয়ে কঙ্গোতেও দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনে বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করলেও নিজের শহরের প্রিয় নদটির দুরবস্থা তাঁকে ব্যথিত করে।
ডা. উষার এই উদ্যোগের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন তাঁর মা রওনক রায়হানা। মা-মেয়ের প্রত্যাশা, ভৈরবের পানি আবারও স্বচ্ছ হবে, নদে ফিরবে প্রাণ। নদীর বুকে আকাশের ছায়া পড়বে, জোছনা রাতে দেখা যাবে চাঁদের প্রতিবিম্ব।
এদিকে তরুণদের স্বেচ্ছাশ্রমের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। তবে সংশ্লিষ্টরা মনে করছেন, শুধু কচুরিপানা অপসারণ করলেই ভৈরব নদকে বাঁচানো সম্ভব নয়। নদদূষণ নিয়ন্ত্রণ, নাব্যতা বজায় রাখা, স্বাভাবিক পানিপ্রবাহ ফিরিয়ে আনা এবং নিয়মিত পরিচর্যার প্রয়োজন রয়েছে।
জলাবদ্ধতা দূরীকরণ ও টেকসই পানি ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্পের আওতায় ভৈরব নদ খনন করা হয়। এ কাজে ব্যয় হয়েছে ২৭৯ কোটি ১২ লাখ ৭৫ হাজার টাকা। ২০১৮ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত চলে খননকাজ। তবে খননের আগে পাড়সহ নদটির প্রস্থ ছিল ২৬৩ ফুট, খননের পর তা কমে দাঁড়ায় ১০০ ফুটে। বিপুল অর্থ ব্যয়ে খননকাজ সম্পন্ন হলেও নদটির বর্তমান অবস্থা নিয়ে হতাশা রয়েছে স্থানীয়দের মধ্যে।
একজন চিকিৎসকের ব্যক্তিগত উদ্যোগে অর্ধশতাধিক তরুণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ভৈরব নদ রক্ষায় নতুন আশার সঞ্চার করেছে। তবে নদকে প্রকৃত অর্থে বাঁচাতে প্রয়োজন দীর্ঘমেয়াদি পরিকল্পনা, কার্যকর সরকারি উদ্যোগ এবং সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টা।
ডা. উষার স্বপ্ন এখন আর একার নয়। তাঁর সঙ্গে যুক্ত হয়েছেন অনেক তরুণ-তরুণী। তাঁদের প্রত্যাশা, একদিন ভৈরবের স্বচ্ছ পানিতে আবারও ভেসে উঠবে আকাশের ছবি, জোছনা রাতে নদীর বুকে দেখা যাবে চাঁদের অপরূপ প্রতিবিম্ব।