বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি আইনি প্রক্রিয়ার মাধ্যমেই সমাধান করা হবে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
মঙ্গলবার (১০ নভেম্বর) ভারতের রাজধানী নয়াদিল্লিতে নিয়মিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
দেশে ফেরার জন্য শেখ হাসিনার বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদনের বিষয়টি নিয়ে আলোচনার মধ্যেই ভারত সরকারের পক্ষ থেকে এই আনুষ্ঠানিকভাবে বক্তব্য দেওয়া হলো। গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) জুলাই অভ্যুত্থান দমনে প্রাণঘাতী নির্দেশ দেওয়ার অপরাধে শেখ হাসিনার অনুপস্থিতিতে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন।
সম্প্রতি রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা জানান, আদালতের কাছে আত্মসমর্পণ করতেই তিনি আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন। এরই ধারাবাহিকতায় লন্ডনের একটি আইন সংস্থার মাধ্যমে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনারের কাছে শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যুর আবেদন করে চিঠি পাঠানো হয়।
তবে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর ভারত সরকারের কাছে থাকা বন্দী বিনিময় চুক্তির কথা উল্লেখ করে শেখ হাসিনাকে হস্তান্তরের জন্য নয়াদিল্লির প্রতি পুনরায় আহ্বান জানিয়েছেন। তিনি স্পষ্ট করেন, বাংলাদেশ সরকার কোনো সাজাপ্রাপ্ত আসামি বা সন্ত্রাসীকে সাধারণ ভ্রমণকারী হিসেবে পাসপোর্ট দেবে না।
মঙ্গলবার নয়াদিল্লির ব্রিফিংয়ে ভারতের সাংবাদিকসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিনিধিরা শেখ হাসিনার প্রত্যর্পণ, নতুন পাসপোর্ট ইস্যু এবং ভ্রমণ সংক্রান্ত আইনি বাধ্যবাধকতা নিয়ে ভারত সরকারের সুনির্দিষ্ট অবস্থান জানতে চান।
সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি সম্পূর্ণ আইন ও বিচার বিভাগীয় প্রক্রিয়ার বিষয়। এ বিষয়ে বিদ্যমান আইন অনুযায়ীই পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”
পাসপোর্ট বা ভ্রমণ নথি (ট্রাভেল ডকুমেন্ট) সংক্রান্ত প্রশ্নের জবাবে মুখপাত্র জানান, এটিও একটি আইনি বিষয় এবং যেকোনো ব্যক্তির আন্তর্জাতিক ভ্রমণের জন্য বৈধ ভ্রমণ নথি থাকা আবশ্যক। এ সংক্রান্ত সুনির্দিষ্ট কৌশলগত ও আইনি দিকগুলো খতিয়ে দেখে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।
সংবাদ সম্মেলনে ভারত-বাংলাদেশের মধ্যকার পানি বণ্টন চুক্তি নিয়ে প্রশ্ন করা হলে মুখপাত্র জানান, পূর্ববর্তী ব্রিফিংয়ে দেওয়া তথ্যের বাইরে বর্তমানে নতুন কোনো হালনাগাদ তথ্য নেই। এছাড়া বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর বা এ সংক্রান্ত কোনো আলোচনা আপাতত নিশ্চিত করার মতো তথ্য নেই বলেও জানান রণধীর জয়সওয়াল।