মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ৭৭ বছর বয়সী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা করছেন। তবে তার জন্য নতুন পাসপোর্টের আবেদন প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ সরকার। শেখ হাসিনার বাংলাদেশে ফেরার এই পরিকল্পনাকে কেন্দ্র করে নতুন করে চরম রাজনৈতিক উত্তেজনা ও সহিংসতার শঙ্কা তৈরি হয়েছে। এ বিষয়ে একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স।

কেন পালিয়েছিলেন শেখ হাসিনা?২০২৪ সালের আগস্টে শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। তার দীর্ঘ শাসনামলে ভিন্নমত দমন ও গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংসের ব্যাপক অভিযোগ উঠলেও তিনি তা অস্বীকার করেন। ওই আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে প্রায় ১ হাজার ৪০০ মানুষের প্রাণহানির ঘটে। আন্দোলনের সময় প্রাণঘাতী দমনের নির্দেশ দেওয়ার অপরাধে গত বছর বাংলাদেশের একটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন।

শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা আরোপিত হওয়ায় চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে দলটি অংশ নিতে পারেনি। নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং তারেক রহমান দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

নতুন ভ্রমণ নথির প্রয়োজনীয়তা ও আইনি টানাফোড়েনশেখ হাসিনা ভারত পালিয়ে যাওয়ার পর তার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করে বাংলাদেশের তৎকালীন অন্তর্বর্তী সরকার। সম্প্রতি নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে তার আইনজীবীরা নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন জানান।

তবে বাংলাদেশ সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, কোনো অপরাধী বা সাজাপ্রাপ্ত আসামিকে নতুন পাসপোর্ট দেওয়া হবে না। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর ভারতের সঙ্গে থাকা বন্দি বিনিময় চুক্তির আওতায় তাকে বাংলাদেশে হস্তান্তরের আহ্বান পুনর্ব্যক্ত করেছেন। এদিকে নয়াদিল্লি জানিয়েছে, ভারতের প্রচলিত আইন ও আইনি বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই প্রত্যর্পণের বিষয়টির সমাধান করা হবে।

এরপর কী ঘটতে পারে?আওয়ামী লীগের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বৈধ নথি থাক বা না থাক, আগামী ডিসেম্বরেই দেশে ফিরবেন শেখ হাসিনা। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, বাংলাদেশে ফিরলে তাকে গ্রেপ্তার বা হত্যা করা হতে পারে জেনেও তিনি স্বেচ্ছায় ফিরে এসে আদালতের কাছে আত্মসমর্পণ করতে চান।

সহিংসতার শঙ্কা ও রাজনৈতিক বিশ্লেষণ রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাংলাদেশ সরকার চায় না শেখ হাসিনার এই প্রত্যাবর্তন কোনো রাজনৈতিক প্রদর্শনীতে পরিণত হোক, যা তার অনুসারীদের মাঠে নামাতে উৎসাহিত করতে পারে। অর্থনৈতিক সংকট ও মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে এমনিতেই দেশের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও জ্বালানি সংকটে রয়েছে দেশ। এই মুহূর্তে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক এই প্রধানমন্ত্রীর প্রত্যাবর্তন ঘিরে বড় ধরনের কোনো জনসমাগম হলে তা দেশে নতুন করে গভীর মেরুকরণ, রাজনৈতিক অস্থিতিশীলতা এবং তীব্র সহিংসতার ঝুঁকি তৈরি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।