টাঙ্গাইলের মধুপুর উপজেলার ৪ নম্বর কুড়াগাছা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম ব্যাপক গণসংযোগ এবং মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন। এলাকায় নিজের প্রার্থিতার জানান দিতে এবং সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করতে তিনি এই কর্মসূচির আয়োজন করেন।

শোভাযাত্রাটি কুড়াগাছা ইউনিয়নের কামারচালা, মালির বাহার, পিরোজপুর, কুড়াগাছা, গরম বাজার, কাউচির বাজার ও ধরাটিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার প্রদক্ষিণ করে। এ সময় ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ স্থানীয় সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে মোটরসাইকেল শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রা শেষে একটি সংক্ষিপ্ত পথসভারও আয়োজন করা হয়।

পথসভায় স্থানীয় এলাকাবাসীর উদ্দেশ্যে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে রবিউল ইসলাম বলেন, তিনি দীর্ঘদিন ধরে অবহেলিত কুড়াগাছা ইউনিয়নবাসীর নাগরিক সুবিধা বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছেন। নির্বাচিত হলে ইউনিয়নের শিক্ষা, স্বাস্থ্য এবং যোগাযোগ ব্যবস্থার সার্বিক উন্নয়নে বিশেষ গুরুত্ব দেবেন বলে প্রতিশ্রুতি দেন তিনি।

আসন্ন নির্বাচন প্রসঙ্গে রবিউল ইসলাম জানান, দীর্ঘকাল ধরে তিনি দলের আদর্শ ধারণ করে সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে রয়েছেন। দলীয় ফোরাম (বিএনপি) যদি তার ওপর আস্থা রাখে এবং সমর্থন প্রদান করে, তবে তিনি আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এ সময় তিনি একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যক্ত করে দল-মত নির্বিশেষে কুড়াগাছা ইউনিয়নের সর্বস্তরের জনগণের আন্তরিক দোয়া ও সহযোগিতা কামনা করেন।