মাইয়্যিতের (মৃত ব্যক্তি) গোসল, কাফন, জানাজার নামাজ ও দাফনের সঠিক নিয়ম ও পদ্ধতি সম্পর্কে সচেতনতা বাড়াতে আয়োজিত হলো "আলোকিত শেষ যাত্রা" শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা।

উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ জনাব মিয়া নুরুদ্দিন আহমেদ অপু, এমপি। অনুষ্ঠানে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ওলামায়ে কেরাম ও অতিথিবৃন্দ—হযরত মাওলানা মুফতি নাজমুল হাসান কাদামী, শায়েখ আকরামুলজ্জামান মাদানী, শায়খ শহীদুল্লাহ খান মাদানী, মুফতি কিফায়েত উল্লাহ আজাহারী এবং আলহাজ্ব রবিউল করিম।

ঢাকা-১৮ আসনের মাননীয় সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে কর্মশালাটি অত্যন্ত ভাবগাম্ভীর্য ও শৃঙ্খলার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা ইসলাম ধর্মের বিধান অনুযায়ী মৃত ব্যক্তির গোসল দেওয়ানো, সঠিক নিয়মে কাফন পরানো, জানাজার সঠিক পদ্ধতি এবং সুন্নাহসম্মত উপায়ে দাফন সম্পন্ন করার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে প্রশিক্ষণার্থীদের হাতে-কলমে ও তাত্ত্বিকভাবে ধারণা দেন। ইসলামি শরীয়ত অনুযায়ী এই দায়িত্বগুলো কীভাবে সঠিকভাবে পালন করতে হয়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানের সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন এমপি তাঁর সমাপনী বক্তব্যে এ ধরনের মহৎ ও প্রয়োজনীয় আয়োজন করার জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান এবং ইসলামি বিধান অনুযায়ী জীবনের শেষ যাত্রার এই বিধানগুলো সঠিকভাবে শিখতে সবাইকে আহ্বান জানান।