মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী ও নেতৃবৃন্দ।
গত মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ৫টায় বঙ্গভবনে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে রাষ্ট্রপতি নিজ জেলার আইনজীবী নেতৃবৃন্দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ঠাকুরগাঁওয়ের সার্বিক উন্নয়ন ও বিচারপ্রার্থীদের আইনি সেবা নিশ্চিতকরণের বিষয়ে খোঁজখবর নেন।
এ সময় উপস্থিত আইনজীবী নেতৃবৃন্দের মধ্যে ছিলেন— ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির সভাপতি ও বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সিনিয়র আইনজীবী আলহাজ্ব মো. ইউসুফ আলী, ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ও সমিতির একাধিকবারের সাবেক সভাপতি সিনিয়র অ্যাডভোকেট আলহাজ্ব মো. আব্দুল হালিম, যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের এপিপি, বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট মো. আবেদুর রহমান।
এছাড়াও ঠাকুরগাঁও বারের অ্যাডভোকেট মাহাবুব মোর্শেদ লিয়ন, অ্যাডভোকেট মো. নবাব আলীসহ জেলা আইনজীবী সমিতির অন্যান্য নেতৃবৃন্দ সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন।
সাক্ষাৎ শেষে আইনজীবী নেতৃবৃন্দ রাষ্ট্রপতির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং তার নেতৃত্বে দেশের বিচার ব্যবস্থা ও গণতান্ত্রিক ধারা আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।