বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ নৌবাহিনীর পৃষ্ঠপোষকতায় ‘২২তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১৬ নভেম্বর) রাঙামাটির কাপ্তাই লেকে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম প্রধান অতিথি এবং রাঙামাটি-১ আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

চূড়ান্ত পর্বে দেশের বিভিন্ন অঞ্চল থেকে বাছাইকৃত মোট ২০ জন সাঁতারু অংশগ্রহণ করেন। এর মধ্যে পুরুষ ও নারী বিভাগে ৯ জন করে মোট ১৮ জন বাছাইকৃত সাঁতারু এবং স্বাগতিক হিসেবে রাঙামাটি পার্বত্য জেলা থেকে উভয় বিভাগে একজন করে আরও দুজন সাঁতারু অংশ নেন। প্রতিযোগিতাটি কাপ্তাই লেকের মগবান টিলা থেকে শুরু হয়ে বিএফডিসি ঘাট এলাকায় গিয়ে শেষ হয়। এতে পুরুষ সাঁতারুরা ১০ কিলোমিটার এবং নারী সাঁতারুরা ৮ কিলোমিটার দূরত্ব অতিক্রম করেন।

প্রতিযোগিতায় পুরুষ বিভাগে প্রথম স্থান অর্জন করেন বাংলাদেশ সেনাবাহিনীর ফয়সাল আহম্মেদ। এছাড়া দ্বিতীয় স্থান অর্জন করেন বাংলাদেশ নৌবাহিনীর আসিফ রেজা এবং তৃতীয় হন বাংলাদেশ সেনাবাহিনীর জুয়েল আহম্মেদ। অন্যদিকে, নারী বিভাগে প্রথম স্থান অর্জন করেন বাংলাদেশ সেনাবাহিনীর মুক্তি খাতুন। এই বিভাগে দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেন যথাক্রমে বাংলাদেশ নৌবাহিনীর সোনিয়া আক্তার ও পলি খাতুন।


প্রতিযোগিতা শেষে রাঙামাটির কেন্দ্রীয় শহিদ মিনার সংলগ্ন স্টেডিয়ামে পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বিজয়ী সাঁতারুদের হাতে ক্রেস্ট, সনদ ও আর্থিক পুরস্কার তুলে দেন। পাশাপাশি সফলভাবে সাঁতার সম্পন্নকারী প্রত্যেক প্রতিযোগীকে সনদ ও আর্থিক পুরস্কার প্রদান করা হয়। এ সময় বাংলাদেশ সুইমিং ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, জেলা প্রশাসক, বাংলাদেশ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দেশের সাঁতার অঙ্গনের উন্নয়ন এবং আন্তর্জাতিক মানের সাঁতারু তৈরিতে বাংলাদেশ নৌবাহিনী দীর্ঘদিন ধরে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা প্রতিভাবান ও সুবিধাবঞ্চিত সাঁতারুদের খুঁজে বের করে যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের সাঁতারু হিসেবে গড়ে তুলতে নৌবাহিনী ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ-২০২৫’ শীর্ষক ট্যালেন্ট হান্ট কর্মসূচি গ্রহণ করেছে। ভবিষ্যতে অলিম্পিকসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশের সাফল্য নিশ্চিত করতে বাংলাদেশ নৌবাহিনীর এ ধরনের প্রতিভা অন্বেষণ ও বিকাশমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।