দেশব্যাপী সন্ত্রাস, সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে যশোরের চৌগাছায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে এবং এসব কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে সোমবার (১৬ নভেম্বর) এ কর্মসূচি পালন করে দলটি।
চৌগাছা উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব ও বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোর্শেদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি নুরুজ্জামান, সহ-সেক্রেটারি মাস্টার কামাল আহমেদ এবং দৈনিক আমার দেশ পত্রিকার সাংবাদিক রহিদুল ইসলাম খান।
সমাবেশে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী, জামায়াতের স্থানীয় নেতাকর্মী, সাধারণ পেশাজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা বলেন, দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাস, সহিংসতা ও নৈরাজ্যকর কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এসব কর্মকাণ্ড বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। তাঁরা দেশের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানান।
বক্তারা আরও বলেন, দেশের শান্তিপূর্ণ পরিবেশ ও গণতান্ত্রিক পরিস্থিতি বজায় রাখতে সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি চৌগাছা পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।