আশরাফুল আলম যশোরের চৌগাছা উপজেলায় ছোট মেয়ের বিয়ের দিন বড় জামাইয়ের মারধরে মোতালেব হোসেন (৬০) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বড় মেয়েকে মারধরের প্রতিবাদ করায় জামাইয়ের হাতে শ্বশুরকে প্রাণ হারাতে হয়েছে বলে অভিযোগ উঠেছে। মেহগনি গাছের ডাল দিয়ে মাথায় আঘাত করার পর গুরুতর আহত অবস্থায় ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে তাঁর মৃত্যু হয়।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মোতালেব হোসেন একই ইউনিয়নের ইলিশমারি গ্রামের মৃত আলফাজ উদ্দিনের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত তাঁর বড় জামাই আনোয়ার হোসেন (৩৫) নারায়ণপুর গ্রামের আনসার আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার মোতালেব হোসেনের ছোট মেয়ের বিয়ের দিন নির্ধারিত ছিল। বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে সকাল ৭টার দিকে তিনি পাশের গ্রাম নারায়ণপুরে বড় মেয়েকে আনতে জামাই আনোয়ার হোসেনের বাড়িতে যান। সেখানে গিয়ে তিনি দেখতে পান, বাবার বাড়িতে যাওয়া নিয়ে পারিবারিক বিরোধের জেরে তাঁর বড় মেয়েকে মেহগনি গাছের ডাল দিয়ে মারধর করছেন জামাই আনোয়ার।
এ সময় মেয়েকে মারধর করতে দেখে প্রতিবাদ করেন মোতালেব হোসেন। এ নিয়ে শ্বশুর ও জামাইয়ের মধ্যে প্রথমে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে আনোয়ার হোসেন হাতে থাকা মেহগনি গাছের ডাল দিয়ে শ্বশুরের মাথায় সজোরে আঘাত করেন। এতে মোতালেব হোসেন গুরুতর আহত হয়ে বাড়ির উঠানে লুটিয়ে পড়েন।
পরে স্থানীয়দের সহযোগিতায় তাঁর বড় মেয়ে আহত বাবাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হওয়ায় তাঁকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানেও তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
কিন্তু শেষ পর্যন্ত ঢাকায় পৌঁছানো হয়নি মোতালেব হোসেনের। উন্নত চিকিৎসার জন্য নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেই তাঁর মৃত্যু হয়। ছোট মেয়ের বিয়ের আনন্দঘন আয়োজনের দিন পরিবারের এমন মর্মান্তিক ঘটনায় স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে চৌগাছা থানার পরিদর্শক (তদন্ত) নুরুল আমিন শিকদার জানান, ঘটনার পর অভিযুক্ত আনোয়ার হোসেনকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি মোবাইল ফোনে জানান, পুলিশ সদস্যদের নিয়ে অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, পারিবারিক বিরোধের জেরে এমন নৃশংস ঘটনা কোনোভাবেই কাম্য নয়। ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তাঁরা।