নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত নৈরাজ্য, সন্ত্রাস ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে যশোর শহরে পৃথক বিক্ষোভ মিছিল করেছে জেলা স্বেচ্ছাসেবক দল ও সদর উপজেলা ছাত্রদল।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে সংগঠন দুটির শীর্ষ নেতাদের নেতৃত্বে শহরের বিভিন্ন সড়কে এসব বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল থেকে নেতৃবৃন্দ বলেন, তারেক রহমানের নেতৃত্বে বর্তমান গণতান্ত্রিক সরকারের যাত্রাকে নস্যাৎ করতে দেশ থেকে পালিয়ে যাওয়া শেখ হাসিনা ও তার দোসররা দেশবিরোধী অপতৎপরতা শুরু করেছে। তারা পরিকল্পিতভাবে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে।

নেতৃবৃন্দ আরও বলেন, বিএনপির সঙ্গে দেশের জনগণ রয়েছে। কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের গণতান্ত্রিক অগ্রযাত্রা বাধাগ্রস্ত করা যাবে না। দেশে যেকোনো ধরনের সন্ত্রাসমূলক কর্মকাণ্ড সংঘটিত হলে জনগণ ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবে। এ সময় দলীয় নেতাকর্মীদের সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়ে তারা বলেন, যশোরের মাটিতে কোনো সন্ত্রাসীর ঠাঁই নেই।

মঙ্গলবার বিকেলে শহরের চারখাম্বা মোড় থেকে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল বের হয়। এতে নেতৃত্ব দেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সল ও সদস্য সচিব রাজিদুর রহমান সাগর। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দড়াটানা ভৈরব চত্বরে গিয়ে শেষ হয়।

পরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে সদর উপজেলা ছাত্রদলের উদ্যোগে পৃথক বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি ও সদস্য সচিব শাহনেওয়াজ ইমরান। মিছিলটি সিভিল কোর্ট মোড় ঘুরে জিলা স্কুলের সামনে গিয়ে শেষ হয়।

পৃথক দুটি বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী হায়দার রানা, নগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা তরফদার রয়েল, সদস্য সচিব সাইফুল বাশার সুজন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম, সদস্য সচিব রাজু আহমেদ, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হোসেন লিটন, সদস্য সচিব পিকুল হোসেন, যুগ্ম আহ্বায়ক পলাশ খান ও ইমরান কায়েসসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মিছিলগুলোতে নেতাকর্মীরা নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও আগুন সন্ত্রাসের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। এ সময় তারা যেকোনো ধরনের সন্ত্রাস, নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।