যশোরের চৌগাছায় দেশীয় প্রযুক্তিতে নির্মাণাধীন বাংলাদেশের প্রথম ‘Hello Ambulance BD’ ইলেকট্রিক অ্যাম্বুলেন্স পরিদর্শন করেছেন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১১টায় চৌগাছা উপজেলার ‘Rifat Engineering’ ওয়ার্কশপে নির্মাণাধীন অ্যাম্বুলেন্সটি পরিদর্শন করেন তাঁরা।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়া উদ্দীন হায়দার, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং স্বাস্থ্য সচিব ড. আ. ন. ম. বজলুর রশীদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশেক হাসান, যশোরের সিভিল সার্জন ডা. মো. মাসুদ রানা, চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলামসহ সরকারের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

উদ্যোক্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, ‘Hello Ambulance BD’ অ্যাম্বুলেন্সটি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মাণ করা হচ্ছে। এতে থাকছে ইলেকট্রিক সোলার প্যানেল চার্জিং সিস্টেম এবং অটো চার্জিং ব্যবস্থা। আধুনিক এই প্রযুক্তির সমন্বয়ে অ্যাম্বুলেন্সটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে, যা দেশের পরিবহন ও স্বাস্থ্যসেবা খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে।

পরিদর্শনকালে অতিথিরা নির্মাণাধীন অ্যাম্বুলেন্সটির বিভিন্ন প্রযুক্তিগত দিক ও কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। দেশীয় প্রযুক্তিতে এমন একটি উদ্যোগ চৌগাছায় বাস্তবায়িত হওয়ায় স্থানীয়ভাবে বিষয়টি গুরুত্ব পেয়েছে।

এদিকে, গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের এই পরিদর্শনকে কেন্দ্র করে সংশ্লিষ্ট কর্মস্থলের কর্মকর্তা, সহকর্মী ও সহযোগীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

পরিদর্শনে আগত অতিথিদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ‘Hello Ambulance BD’ প্রকল্পের সংশ্লিষ্ট উদ্যোক্তা। একই সঙ্গে কর্মস্থলের সহকর্মী, সহযোগী বন্ধু মহল এবং সার্বিকভাবে পাশে থাকা সকলের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।