রাজধানীর বিমানবন্দর থানাধীন কাওলার সিভিল এভিয়েশন ওয়েলফেয়ার সোসাইটি মার্কেটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ব্যবসায়ীকে বেধড়ক মারধর ও অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে। গতকাল রোববার বেলা ১১টার দিকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নরসিংদী জেলার সাবেক সেক্রেটারি মোহাম্মদ মোবারক হোসেনের ব্যবসায়িক প্রতিষ্ঠানে এই হামলার ঘটনা ঘটে।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪৯ নম্বর ওয়ার্ডের পলাতক কাউন্সিলর ও ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান নাঈমের অনুসারী একটি সংঘবদ্ধ চক্র এই হামলা চালায়।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, গতকাল সকাল ১১টার দিকে সিভিল এভিয়েশনের প্রকৌশলী আবু বকর সিদ্দিক আমলকির গুঁড়া কিনতে মোবারক হোসেনের দোকানে যান। দোকানি ৩০ টাকা দাম চাইলে তিনি দাম বেশি বলে তর্কে জড়িয়ে পড়েন এবং একপর্যায়ে দোকানদারকে মারধর শুরু করেন। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে তিনি ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যান।
এই ঘটনার জের ধরে কিছুক্ষণ পরই পলাতক কাউন্সিলর আনিসুর রহমান নাঈমের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, মুদি দোকানদার আনোয়ার হোসেন আনু এবং রং ব্যবসায়ী সুমন দোকানে এসে অতর্কিত হামলা চালান।
ভুক্তভোগী জানান, প্রথম দফা হামলার পর অভিযুক্তরা আরও সংগঠিত হয়ে ২৫ থেকে ৩০ জনের একটি দল নিয়ে পুনরায় দোকানে হানা দেয়। অভিযোগ রয়েছে, বাজার কমিটির সভাপতির উপস্থিতিতেই সিভিল এভিয়েশনের কর্মচারী ও পিয়ন আল আমিন, সেলিম, স্বপন এবং চালক শফিক ও কবিরসহ বেশ কয়েকজন উচ্ছৃঙ্খল ব্যক্তি মোবারক হোসেনকে জোরপূর্বক তুলে নেওয়ার (অপহরণ) চেষ্টা করেন।
এ সময় তার আত্মচিৎকারে স্থানীয় লোকজন জড়ো হলে হামলাকারীরা তাকে মার্কেটের দক্ষিণ পাশে নিয়ে গিয়ে মাটিতে ফেলে বেধড়ক মারধর করে। পাশাপাশি তার ব্যবহৃত মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে ভেঙে ফেলা হয়।
স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, অভিযুক্ত এই চক্রটি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা, মার্কেটের অবৈধ নিয়ন্ত্রণ ও নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।
এ ঘটনায় ভুক্তভোগী মোবারক হোসেন বিমানবন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে অভিযোগ দায়েরের পর থেকে অভিযুক্তরা আরও বেপরোয়া হয়ে উঠেছে এবং অভিযোগ তুলে নেওয়ার জন্য ভুক্তভোগীকে নানাভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশ কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি।
এ বিষয়ে বিমানবন্দর থানার তদন্তকারী কর্মকর্তার বক্তব্য জানতে যোগাযোগ করা হলে পুলিশ জানায়, অভিযোগটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে দ্রুত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।