নেত্রকোণার কেন্দুয়ায় উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) নির্দেশনায় পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে চারটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১১টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাঈম-উল ইসলাম চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮-এর ২৯ ধারা লঙ্ঘনের দায়ে কেন্দুয়া পৌর শহরের হিমালয় ফিলিং স্টেশনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
পরিদর্শনে স্টেশনের ৬টি পাম্পের মধ্যে ৩টিতে নির্ধারিত পরিমাণের চেয়ে কম জ্বালানি সরবরাহের প্রমাণ পাওয়া যায়।
এ ছাড়া ফায়ার লাইসেন্স নবায়ন না থাকা এবং আন্ডারগ্রাউন্ড স্টোরেজ ট্যাংকের ক্যালিব্রেশন সনদের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করা হয়।
কম জ্বালানি সরবরাহকারী তিনটি পাম্প সিলগালা করা হয়েছে। পরবর্তীতে বিএসটিআইয়ের অনুমোদন নেওয়ার পর পাম্পগুলো পুনরায় চালু করা যাবে।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯-এর ৪৩ ধারা লঙ্ঘনের দায়ে পৌর শহরের হোটেল স্পাইসিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ মামলায় প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পুলিশের এসআই রফিকুল ইসলাম।
অন্যদিকে, বিএসটিআই আইন-২০১৮-এর ৩০ ধারা লঙ্ঘনের দায়ে নিউ বনফুলকে ১০ হাজার টাকা এবং সাহিতপুর বাজারের আম্মাজান বেকারিকে বিএসটিআই আইন-২০১৮-এর ১৫ ও ২৭ ধারা লঙ্ঘনের দায়ে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বাকি তিন প্রতিষ্ঠানের অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন বিএসটিআই, ময়মনসিংহের মেট্রোলজি পরিদর্শক মেহের আফফান। এ সময় বিএসটিআই, ময়মনসিংহের ফিল্ড অফিসার আব্দুল্লাহ আল নোমান, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাঈম-উল ইসলাম চৌধুরী বলেন, উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।