বেনাপোল সীমান্ত দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তবর্তী গাতীপাড়া এলাকায় মশাল মিছিল ও সমাবেশ করেছে বেনাপোল পৌর বিএনপি। মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যার পর এ কর্মসূচি পালিত হয়।

বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারতের নেতৃত্বে মিছিলটি বের হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব নূরুজ্জামান লিটন।

স্থানীয় বিএনপি সূত্রে জানা গেছে, সন্ধ্যার পর গাতীপাড়া এলাকা থেকে মশাল মিছিলটি শুরু হয়ে বেনাপোল বর্ডার সড়কসহ আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী মশাল হাতে অংশ নেন। এ সময় নেতাকর্মীদের বিভিন্ন স্লোগানে পুরো সীমান্ত এলাকা মুখরিত হয়ে ওঠে।

মিছিল শেষে গাতীপাড়া এলাকায় এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত বলেন, "বেনাপোল সীমান্ত দিয়ে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে প্রবেশ করতে দেওয়া হবে না। সীমান্ত এলাকার সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে বিএনপির নেতাকর্মীরা সার্বক্ষণিক সীমান্ত পাহারায় নিয়োজিত থাকবেন।"

তিনি আরও বলেন, "বেনাপোলের মানুষ শান্তি চায়। এখানে কোনো ধরনের অস্থিতিশীলতা বা অরাজকতা তৈরি করতে দেওয়া হবে না।" এ সময় তিনি দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

পরে শান্তিপূর্ণভাবে মশাল মিছিল ও সমাবেশের সমাপ্তি ঘটে।