চূড়ান্ত হলো নারী বিশ্বকাপের বাকি দুই দল

প্রথম বেলা ডেস্ক: আর মাত্র চার মাস পরেই বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হবে নারী ক্রিকেটের শ্রেষ্ঠত্বের আসর আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। বৈশ্বিক এই আসরকে সামনে রেখে আইসিসি পুরো টুর্নামেন্টের সূচি প্রকাশ করছে। তবে তখনও সবগুলো দল নিশ্চিত হয়নি। বাছাইপর্ব খেলে বাকি দুটি দলের জায়গা নিশ্চিত করতে হতো। সেই জায়গা দুটি নিজেদের দখলে নিয়েছে স্কটল্যান্ড ও শ্রীলঙ্কা নারী দল। এখন ফাইনাল ম্যাচের ফলের ওপর ভিত্তি করে নির্ধারিত হবে দেশদুটির কোন গ্রুপে স্থান হবে।

মঙ্গলবার (৭ মে) বাছাইপর্বের ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে জায়গা নিশ্চিত করা দুই দল শ্রীলঙ্কা ও স্কটল্যান্ড। ম্যাচটিতে জয়ী দল ‘এ’ গ্রুপে, আর পরাজিত দল খেলবে ‘বি’ গ্রুপে।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত পর্বের আট দলের সাথে যুক্ত হতে দুটি আসনের জন্য লড়াইয়ে নেমেছিল ১০টি দল। গ্রুপপর্ব পেরিয়ে তাদের মধ্য থেকে সেমিফাইনালে জায়গা করে নেয় শ্রীলঙ্কা, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত। সেখানে আয়ারল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় স্কটল্যান্ড। আর শ্রীলঙ্কা স্বাগতিক আরব আমিরাতকে ১৫ রানে হারিয়ে স্কটল্যান্ড বাকি জায়গাটি দখল করে।

এর আগে রোববার (৫ মে) দুপুরে বাংলাদেশের একটি অভিজাত হোটেলে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে যুব ও ক্রীড়া মন্ত্রী এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন ও আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালারডিসের উপস্থিতিতে বিশ্বকাপের সূচি প্রকাশ করা হয়। সে সময়ে উপস্থিত ছিলেন ভারত ও বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক হারমানপ্রীত কৌর এবং নিগার সুলতানা জ্যোতি।

৩ অক্টোবর উদ্বোধনী ম্যাচে বিকেল ৩টায় মুখোমুখি হবে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। আর সন্ধ্যা ৭টায় স্বাগতিক বাংলাদেশ মিরপুরে মাঠে নামবে। তবে টাইগ্রেসদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা বা স্কটল্যান্ডের মধ্যে কে হবে তা আজকের ম্যাচ দিয়ে নির্ধারিত হবে।

এবারের বিশ্বকাপে মোট ১০টি দল অংশ নিবে । সব মিলিয়ে ২৩টি ম্যাচ হবে। স্বাগতিক বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে। গ্রুপ ‘এ’ তে থাকা দলগুলো: অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান ও কোয়ালিফায়ার প্রথম দল। গ্রুপ ‘বি’ তে থাকা দলগুলো: দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ ও কোয়ালিফায়ার দ্বিতীয় দল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button