বাগেরহাটে নানা আয়োজনে বিজয় দিবস উদযাপন

জেলা প্রতিনিধি, বাগেরহাট: বাগেরহাটে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত হচ্ছে। দিবসটি উপলক্ষ্যে সোমবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা হয়।

সকাল সাড়ে ৬টায় বাগেরহাট জেলা প্রশাসনের পক্ষ থেকে শহরের দশানীস্থ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক আহমেদ কামরুল আহসানসহ কর্মকর্তারা। এরপর শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে গার্ড অব অনার প্রদান এবং এক মিনিট নীরবতা পালন করা হয়। শেষে শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

এরপরই জেলা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, সিভিল সার্জন, বৈষমবিরোধী ছাত্র আন্দোলন, সড়ক ও জনপথ বিভাগ, এলজিইডি, জনস্বাস্থ্য প্রকৌশল, শিক্ষা প্রকৌশল, বাগেরহাট জেলা আইনজীবী সমিতি, সরকারি পিসি কলেজ, বাগেরহাট প্রেসক্লাব, জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়াও শহীদ মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানাতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের ঢল নামে দশানীস্থ স্মৃতিস্তম্ভে।

এ ছাড়া দিনটি উপলক্ষ্যে জেলা সদর ও বিভিন্ন উপজেলা সদরে বিজয় মেলা অনুষ্ঠিত হচ্ছে। দুপুরে জেলা কারাগার, ২৫০ শয্যা জেলা হাসপাতাল, সরকারি শিশু পরিবারসহ বিভিন্ন এতিম খানায় উন্নত খাবার পরিবেশন করা হবে। বেলা ১১টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বিকেলে কচুয়া উপজেলা সদরে বিজয় শোভাযাত্রা হওয়ার কথা রয়েছে। তাছাড়া শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় বিশেষ দোয়া করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

তবে অন্য বছরের মতো এবার হেলাল উদ্দিন স্টেডিয়ামে কুচকাওয়াজ, শরীরচর্চা ও ডিসপ্লে প্রদর্শন অনুষ্ঠিত হবে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button