নদীর তীর থেকে বস্তাবন্দি অবস্থায় নারী ও নবজাতকের মরদেহ উদ্ধার

টাঙ্গাইল প্রতিনিধি : সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার জামুর্কী ইউনিয়নের গুনটিয়া গ্রাম থেকে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় মরদেহ দুটি উদ্ধার করা হয়।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে সোমবার বিকেল ৬টার দিকে গুনটিয়া এলাকায় নদীর পাশে প্রচণ্ড দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। স্থানীয়রা উৎস খুঁজতে গিয়ে মাটির নিচে মানুষের চুল দেখতে পান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাটি খুঁড়ে একটি বস্তা উদ্ধার করে। বস্তাটি খোলার পর সেখানে এক নারী ও এক নবজাতকের মরদেহ পাওয়া যায়।

পুলিশের ধারণা, ওই নারী ৭-৮ মাসের গর্ভবতী ছিলেন। মৃত্যুর সময় বা পরে গর্ভ থেকেই নবজাতকটি বের হয়ে এসে থাকতে পারে।

ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের জন্য পুলিশ কাজ শুরু করেছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড কি না, তা খতিয়ে দেখছে আইনশৃ্ঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button