শাপলা কলিতে ভোট দিতে চাওয়ায় হামলা, যুবদল নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রংপুর | 

রংপুরের পীরগাছায় এনসিপির নির্বাচনী প্রতীক ‘শাপলা কলি’-তে ভোট দেওয়ার কথা জানানোয় এক সমর্থককে মারধর ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে অন্নদানগর ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক মজনু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার অন্নদানগর ইউনিয়নের জগজীবন এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ইদ্রিস আলী এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের সমর্থক।

মামলা ও স্থানীয় সূত্র জানায়, ঘটনার দিন যুবদল নেতা মজনু মিয়াসহ চারজন ইদ্রিস আলীর বাড়ির উঠানে গিয়ে তিনি কাকে ভোট দেবেন তা জানতে চান। ইদ্রিস আলী এনসিপির ‘শাপলা কলি’ প্রতীকে ভোট দেওয়ার কথা জানালে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। তারা তাকে হুমকি দিয়ে বলেন, “এলাকায় থাকতে চাইলে ধানের শীষে ভোট দিতে হবে।” কথা কাটাকাটির একপর্যায়ে অভিযুক্তরা ইদ্রিস আলীকে এলোপাতাড়ি মারধর করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ ঘটনায় ইদ্রিস আলী বাদী হয়ে পীরগাছা থানায় চারজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। পুলিশ শুক্রবার দুপুরে অভিযুক্ত মজনু মিয়াকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

পীরগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মহিব্বুল ইসলাম বলেন, “মামলাটি গুরুত্বের সাথে গ্রহণ করা হয়েছে। একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

নির্বাচনের আগে এমন হামলার ঘটনায় স্থানীয় সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ভুক্তভোগী ইদ্রিস আলী বলেন, “আমি শুধু আমার ভোটাধিকারের কথা বলেছি, এজন্য আমাকে মারধর করা হয়েছে। আমি এখনো নিরাপত্তাহীনতায় ভুগছি।” স্থানীয়রা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রশাসনের আরও কঠোর নজরদারি দাবি করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button