তারেক রহমান কবে দেশে ফিরবেন, জানালেন মির্জা ফখরুল

নিজেস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা ও প্রতিহিংসামূলক মামলাগুলোর নিষ্পত্তি হলে তিনি দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) স্ত্রীসহ লন্ডন থেকে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা জানান তিনি।

এদিন দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে স্ত্রীসহ হযরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছান মির্জা ফখরুল। গত ৩০ নভেম্বর স্ত্রী রাহাত আরা বেগমকে নিয়ে যুক্তরাজ্যে পাড়ি জমিয়েছিলেন তিনি।

বিএনপি মহাসচিব লন্ডনে অবস্থাকালে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি কয়েকটি স্থানীয় দলীয় কর্মসূচিতেও অংশ নেন। এছাড়া লন্ডনে স্ত্রী রাহাত আরা বেগমের স্বাস্থ্য পরীক্ষাসহ তাকে সংশ্লিষ্ট চিকিৎসকদের দেখান।

দেশে ফিরে বিমানবন্দরে গণমাধ্যমকর্মীদের বিএনপি মহাসচিব বলেন, লন্ডন সফর ফলোপ্রসু হয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে দেখা হয়েছে। এছাড়া প্রবাসী বাংলাদেশি এবং বিএনপির নেতৃবৃন্দের সঙ্গেও কথা হয়েছে। তাদের সভায় যোগ দিয়েছি। সেখানে প্রেসের সঙ্গে আলোচনা হয়েছে। সবমিলিয়ে লন্ডন সফর ভালো ও ফলোপ্রসু হয়েছে।

তারেক রহমানের কাছ থেকে কি বার্তা এনেছেন জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বলেছেন, আপনার (দেশবাসী) ধৈর্য ধরবেন। একটা বিশাল বিজয় এসেছে ছাত্র-জনতার আন্দোলনে। এই বিজয়কে ফলপ্রসূ ও সার্থক করতে হলে অবশ্যই সকলকে ধৈর্য ধরে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।’

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারকে আমরা রাজনৈতিক দলগুলো সহযোগিতা করছি। আমরা প্রত্যাশা করি, ন্যূনতম যেসব সংস্কার জরুরি সেগুলো সম্পন্ন করে তারা নির্বাচন অনুষ্ঠানের পথে যাবেন। এ সময় গণতন্ত্রের প্রথম পদক্ষেপ নির্বাচনের জন্য সকলকে প্রস্তুতি নিতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

এদিন বিমানবন্দরে বিএনপি মহাসচিবকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ফরহাদ হোসেন আজাদ, আবু মোহাম্মদ আহসান ফিরোজ, সাদী আহমেদ এবং বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button