পল্লবীতে প্রতিপক্ষের গুলিতে ভাই-বোন আহত

ঢামেক প্রতিবেদক: রাজধানী মিরপুরের পল্লবীতে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের গুলিতে মো. জসীম উদ্দিন (৪৪) ও শাহিনুর বেগম (৩০) নামে দুজন গুলিবিদ্ধ হয়েছেন। আহত দুজন সম্পর্কে ভাই-বোন।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) ভোর রাতের দিকে এ ঘটনা ঘটে।

পরে তাদের গুলিবিদ্ধ অবস্থায় ভোর সোয়া ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়।

তাদের হাসপাতালে নিয়ে আসা ভগ্নিপতি আমির হোসেন জানান, তার শ্যালক জসিম টিভি শো রুমের ব্যবসায়ী। গতকাল রাত সারে ৩টার দিকে শবে বরাতের নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন তারা। এ সময় বাসার সামনে পূর্ব শত্রুতার জেরে একই এলাকার শরিফ, তুহিন, শহিদুল, সুজন, রিয়াজের সঙ্গে কথা-কাটাকাটি হয় জসিমের। একপর্যায়ে শহিদুল জসীমউদ্দীনকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে জসিম উদ্দিনের ডান এবং বাম পায়ের হাটুর ওপরে দুটি গুলি লাগে।

এ সময় তার বোন শাহিনুর বেগম ভাইকে বাঁচাতে এগিয়ে এলে শাহিনুর বেগমের ডান পায়ের হাঁটুর নিচে একটি গুলি লাগে। পরে খবর পেয়ে তাদের উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেলার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, আজ ভোরের দিকে নারীসহ গুলিবিদ্ধ দুজনকে হাসপাতালে আনা হয়েছে। বর্তমানে জরুরি বিভাগে তারা চিকিৎসাধীন। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button