

বিনোদন ডেস্ক: টিভি যুগ শুরু হওয়ার পরপরই ফ্যামিলি ড্রামাকে আলাদা স্থান দিয়ে আসছে দেশের মানুষ। ওয়েব কনটেন্টের যুগে এখনও মানসম্মত ধারাহিক নাটকগুলোকে দর্শক নিজের করে নিতে পারে, তার জলজ্যান্ত উদাহরণ ‘এটা আমাদেরই গল্প’।
টেলিভিশন ও ইন্টারনেট অর্থাৎ ইউটিউবে দীর্ঘদিন ধরে প্রচার হয়ে আসছে নাটকটি। এখন তা প্রায় শেষের দিকে। এমন সমাপনী লগ্নে ধারাবাহিকটি যেমন দর্শকদের মন ভারী করছে, তেমনি দর্শকের পাশাপাশি দেশের তারকা অঙ্গনও প্রশংসায় ভাসাচ্ছে ধারাবাহিকটির পুরো টিমকে।
সামাজিক মাধ্যমে এখন রীতিমতো ধারাবাহিকটি নিয়ে চলছে এমনই আলোচনা। ব্যতিক্রম নয় দেশের তারকা অঙ্গনও। বৃহস্পতিবার সন্ধ্যায় সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে নির্মাতা মোস্তফা কামাল রাজের ভূয়সী প্রশংসা করলেন নন্দিত অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। এছাড়াও অভিনয়শিল্পী-কলাকুশলীদেরও প্রশংসায় ভাসিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন অভিনেত্রী।
সেই পোস্টে মেহজাবীন লেখেন, মোহাম্মদ মোস্তফা কামাল রাজ ভাইয়া, ইতিহাস গড়ার জন্য অভিনন্দন। বাংলাদেশি নাটকের প্রতি ভালোবাসা এখন তুঙ্গে। এর অনেকটা কৃতিত্ব ‘এটা আমাদেরই গল্প’ টিমের। গেলো পর্বটি দর্শকদের মনে এক অনন্য প্রভাব ফেলেছে। এই ভালোবাসা আসল, যা দীর্ঘস্থায়ী হতে চলেছে।
মেহজাবীনের এই পোস্টে অভিনেতা ইরফান সাজ্জাদও ভালোবাসার প্রতিউত্তর জানিয়েছেন। পারিবারিক বন্ধন ও সম্পর্কের টানাপোড়েন নিয়ে নির্মিত এই নাটকটিতে আরও অভিনয় করেছেন কেয়া পায়েল, ইন্তেখাব দিনার, দীপা খন্দকার, মনিরা আক্তার মিঠুসহ অনেকে। নির্মাতা রাজ জানিয়েছেন, দর্শকদের অনুরোধে ৫২ পর্বের এই ধারাবাহিকটির শেষ পর্বটি ‘মেগা এপিসোড’ হিসেবে প্রচার করা হবে। গত বছরের ৫ নভেম্বর শুরু হওয়া এই নাটকটি চ্যানেল আই ও সিনেমাওয়ালার ইউটিউব চ্যানেলে প্রচারের পর থেকেই জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে।




