

জেলা প্রতিনিধি, ভোলা, ২৪ ডিসেম্বর ২০২৫
পটভূমি ও প্রশাসনের পদক্ষেপ লালমোহন উপজেলার ডাঃ আজাহার উদ্দিন রোড থেকে ধলীগৌরনগরের চতলা বাজার পর্যন্ত সড়কের সংস্কার কাজ দেড় বছর আগে শুরু হলেও ঠিকাদার দীর্ঘ সময় কাজ বন্ধ রাখেন।
গত ১৮ ডিসেম্বর উপজেলা এলজিইডি অফিসকে না জানিয়ে তড়িঘড়ি করে পুরাতন ইট ও মাটির ওপর পিচ ঢালাইয়ের কাজ শুরু করা হলে স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়।
এ বিষয়ে সংবাদ প্রকাশিত হলে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আজিজ সড়কটি যথাযথভাবে পুনঃসংস্কারের নির্দেশ দেন।
প্রকৌশলীর বক্তব্য লালমোহন উপজেলা এলজিইডির সদ্য যোগদানকারী প্রকৌশলী মো. তানজিলুর রহমান ও উপ-সহকারী প্রকৌশলী মো. রাসেল সংবাদটি দেখার পর সরেজমিনে সড়কটি পরিদর্শন করেন।
উপজেলা প্রকৌশলী মো. তানজিলুর রহমান বলেন, “আমি ও উপ-সহকারী প্রকৌশলী রাসেল এই উপজেলায় নতুন যোগদান করেছি। আমাদের যোগদানের আগেই রাস্তাটির সংস্কার কাজ প্রায় শেষের দিকে ছিল। সংবাদ প্রকাশের পর বিষয়টি আমাদের নজরে আসে এবং আমরা তাৎক্ষণিকভাবে এটি বিধি মোতাবেক পুনঃসংস্কারের উদ্যোগ গ্রহণ করি। উন্নয়নমূলক কাজে সহযোগিতার জন্য তিনি সংশ্লিষ্ট সংবাদপত্রকে ধন্যবাদ জানান।”
স্থানীয়দের প্রতিক্রিয়া কর্তৃপক্ষের এই দ্রুত পদক্ষেপে এলাকার সচেতন মহল ও সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। অনিয়ম রোধ করে টেকসই সড়ক নিশ্চিত করায় তারা উপজেলা প্রশাসন ও এলজিইডি কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন।




