সমবায় ব্যাংকের সাবেক চেয়ারম্যানের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেডের সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ মহির স্ত্রী নুরজাহান বেগমের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেছেন আদালত।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন। এর আগে ২৩ ডিসেম্বর মহিউদ্দিন আহমেদ মহির দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছিলেন আদালত।

এদিন নুরজাহান বেগমের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মো. মনিরুল ইসলাম। আবেদনে বলা হয়, দুদকে নূরজাহান বেগমের দাখিল করা সম্পদ বিবরণীতে ১৪ লাখ ৭০ হাজার ৫৬৫ টাকার সম্পদের তথ্য গোপন করা এবং ১ কোটি ১৯ লাখ ৬৪ হাজার ৮০২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারায় মামলা হয়েছে। আসামি সপরিবারে অন্য দেশে যাওয়ার আশঙ্কা আছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামির বিদেশ গমন রহিত করা আবশ্যক।

গত ১৬ অক্টোবর মহিউদ্দিন আহমেদ মহি ও তার স্ত্রী নুরজাহান বেগমের বিরুদ্ধে দুদকের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে পৃথক দুটি মামলা করেন।

মামলায় অভিযোগ রয়েছে, মহিউদ্দিন আহমেদ মহির ২ কোটি ৭০ লাখ ৬৩ হাজার ৯৮ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ পাওয়া গেছে। তার স্ত্রী নূরজাহান বেগমের ১ কোটি ১৯ লাখ ৬৪ হাজার ৮০২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ আছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button