ঢাকায় আজও থাকবে রোদের দাপট, বাড়বে গরম

নিজস্ব প্রতিবেদক:  আজ রোববারও রাজধানী ঢাকা এবং আশপাশের এলাকাগুলোতে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই। আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্কই থাকবে। ফলে গতকালের মতো আজও রোদের দাপটে গরমের অনুভূতি বাড়ার সম্ভাবনা রয়েছে।

রোববার (১৬ মার্চ) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, দুপুর পর্যন্ত ঢাকা ও আশপাশের এলাকাগুলোতো আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে বৃষ্টির সম্ভাবনা নেই। একই সঙ্গে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আর এ সময়ের মধ্যে দক্ষিণ-পশ্চিম বা দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, সকাল ৬টায় এসব এলাকায় ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসে আদ্রতার পরিমাণ ছিল ৮২ শতাংশ।

অন্যদিকে, গতকাল রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারা দেশের আজকের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, রোববার সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আর সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

একই সঙ্গে রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, কুষ্টিয়া এবং রাঙ্গামাটি জেলাসমূহের ওপর দিয়ে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button