

জেলা প্রতিনিধি ময়মনসিংহ: ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুমন মিয়া (৪৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার রাওনা ইউনিয়নের দীঘা মধ্যপাড়া বন্দের বাড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুমন মিয়া একই গ্রামের শামসুল হকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো নিজ মৎস্য ফিশারিতে কাজ করছিলেন সুমন মিয়া। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) জোবাইদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাসপাতালে আনার আগেই সুমন মিয়ার মৃত্যু হয়েছে।
তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




