মুমূর্ষু রোগীদের বাঁচাতে দেশব্যাপী ‘ক্রিটিক্যাল কেয়ার’ চালুর দাবি

জ্যেষ্ঠ প্রতিবেদক: মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে ও তাদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে দেশের বিভিন্ন মেডিকেল কলেজে ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ প্রতিষ্ঠা, কোর্স চালু, প্রয়োজনীয় পদ সৃষ্টি, শয্যা সংখ্যা বৃদ্ধি, সব জেলাসহ গুরুত্বপূর্ণ সব হাসপাতালে এ সংক্রান্ত সেবা চালুসহ দেশব্যাপী ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের প্রসার সময়েরই দাবি বলে উল্লেখ করেছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।

রোববার (৯ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শহীদ আবু সাঈদ কনভেনশন হলে বাংলাদেশ সোসাইটি অব ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের ষষ্ঠ আন্তর্জাতিক সম্মেলনে বক্তারা এসব দাবি জানান।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার। এসময় তিনি বলেন, ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন এমন একটি বিষয় যা মানুষের যেকোনো সময় প্রয়োজন হতে পারে। বাংলাদেশ সোসাইটি অব ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের পক্ষ থেকে উদ্যোগ নিলে বিএসএমএমইউতে এ বিভাগটি চালুর ক্ষেত্রে বর্তমান প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করা হবে।

মুজিবুর রহমান হাওলাদার বলেন, বর্তমানে বিএসএমএমইউ, বারডেম, ঢাকা মেডিকেল কলেজসহ চারটি প্রতিষ্ঠানে ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিষয়ে উচ্চতর কোর্স চালু রয়েছে। যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। উচ্চতর ডিগ্রি অর্জনে অধ্যয়ন করছেন দুই শতাধিক শিক্ষার্থী। ৯৫ জন শিক্ষার্থী উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন। যা ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের বিস্তৃত প্রসারের ক্ষেত্রে খুবই কম।

ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের শয্যা সংখ্যা সারা দেশে মাত্র তিন হাজার দাবি করে বক্তারা বলেন, চাহিদার তুলনায় এ সংখ্যা একেবারেই নগণ্য। একইসঙ্গে ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের বিভিন্ন সাব স্পেশালিটি প্রসারের দরকার। এমন একটি সাব স্পেশালিটি হলো এভিয়েশন ইনটেনসিভিস্ট, যা অনেক দেশেই নাই, কিন্তু এর প্রয়োজন রয়েছে।

এসময় তারা উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে আইসিইউ বিষয়ক অত্যাধুনিক গাইডলাইন তৈরি, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে উন্নত প্রযুক্তি সমৃদ্ধ ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের বিভিন্ন শাখাপ্রশাখা চালু, সংশ্লিষ্ট চিকিৎসক ও নার্সদের প্রয়োজনীয় উন্নত প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button