‘ড. ইউনূস স্বপ্ন দেখাচ্ছেন, কিন্তু বাস্তবায়নে দৃঢ়তার ছাপ নেই’

নিজস্ব প্রতিবেদক: আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, ড. ইউনূস আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছেন। কিন্তু স্বপ্ন বাস্তবায়নে তার দৃঢ়তার ছাপ নেই। আমরা তার কাছ থেকে আরও সাহসী পদক্ষেপ প্রত্যাশা করি।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) এবি পার্টি চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে ‘দ্বিতীয় প্রজন্মের রাজনীতি’ কেমন হওয়া চাই? শীর্ষক মতবিনিময় ও সংগঠক সমাবেশে তিনি এ কথা বলেন।

মজিবুর রহমান মঞ্জু বলেন, সরকার আত্মপ্রত্যয়ী ও বলিষ্ঠ অবস্থান না নিলে নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্ন ভেস্তে যেতে পারে। আসন্ন রমজানে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে না পারলে অন্তর্বর্তী সরকার সুষ্ঠু নির্বাচন করতে পারবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে।

সভাপতির বক্তব্যে এবি পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম ফারুক বলেন, বাংলাদেশ আমাদের একটি পরিবারের মতো। তাই বাংলাদেশকে আমরা আমাদের পরিবারের মতো যত্ন করব। এবি পার্টি তৈরি হয়েছে বাংলাদেশকে সমৃদ্ধ ও শক্তিশালী হিসেবে গড়ে তোলার জন্য।

দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) মো. দিদারুল আলম বলেন, আমরা একাত্তরে যে আশা-আকাঙ্ক্ষার ভিত্তিতে একটি মানচিত্র এবং সংবিধান পেয়েছিলাম, ৫৪ বছর পার হলেও আমরা একাত্তরের সংবিধান থেকে তৈরি হওয়া ফ্যাসিবাদী ব্যবস্থাপনাকে বিলোপের জন্য সংগ্রাম করতে হচ্ছে। এবি পার্টি একাত্তরের জন-আকাঙ্ক্ষা অনুযায়ী বাংলাদেশে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার জন্য সবাইকে নিয়ে একটি নতুন দেশ গঠন করতে চায়।

দলের জাতীয় নির্বাহী পরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর যুগ্ম আহ্বায়ক ছিদ্দিকুর রহমান বলেন, একটি ঐতিহাসিক প্রয়োজন ও প্রেক্ষাপটে ২০২০ সালে এবি পার্টি প্রতিষ্ঠিত হয়েছে। দেশে যে রাজনৈতিক দলের শূন্যতা তৈরি হয়েছে এবি পার্টি তা পূরণ করতে চায়। সাম্য ও ইনসাফের ভিত্তিতে এবি পার্টি বাংলাদেশকে একটি সমৃদ্ধ ও শক্তিশালী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। বিজয় না হওয়া পর্যন্ত এই লক্ষ্য থেকে এবি পার্টি পিছ পা হবে না।

মতবিনিময় ও সংগঠক সমাবেশে আরো বক্তব্য রাখেন এবি পার্টির কেন্দ্রীয় বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার লোকমান, কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আশরাফ মাহমুদ রুমেল, কেন্দ্রীয় মুক্তিযুদ্ধবিষয়ক সহ-সম্পাদক হায়দার আলী চৌধুরী ও এবি পার্টির চট্টগ্রাম মহানগর যুগ্ম সদস্য সচিব শহীদুল ইসলাম বাবুল, উত্তর জেলা সমন্বয়ক জিয়া চৌধুরী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button