জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ: যমুনা সেতুতে আগের দিনের তুলনায় যানবাহন কম পারাপার হলেও টোল আদায় বেড়েছে ৩৩ লাখ ১৭ হাজার টাকা। ঈদুল আজহার ছুটি শেষে কর্মস্থলমুখী মানুষের যাতায়াত অব্যাহত থাকায় সেতুতে যানবাহনের চাপ প্রায় একই থাকলেও টোল আদায়ে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে।
যমুনা সেতু সাইট অফিস সূত্রে জানা গেছে, সোমবার (১ জুন) সর্বশেষ ২৪ ঘণ্টায় সেতুর পশ্চিম প্রান্ত দিয়ে অর্থাৎ ঢাকামুখী লেনে পারাপার হয়েছে ২১ হাজার ৯৭৯টি যানবাহন। এসব যানবাহন থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৩৫ লাখ ৪৭ হাজার ৮০০ টাকা।
অন্যদিকে পূর্ব প্রান্ত অর্থাৎ উত্তরবঙ্গমুখী লেনে চলাচল করেছে ১৩ হাজার ৩৯৭টি যানবাহন। এ খাত থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৫ লাখ ৫১ হাজার ২০০ টাকা।
দুই প্রান্ত মিলিয়ে ২৪ ঘণ্টায় মোট ৩৫ হাজার ৩৭৬টি যানবাহন যমুনা সেতু ব্যবহার করেছে। একই সময়ে মোট টোল আদায়ের পরিমাণ দাঁড়িয়েছে ২ কোটি ৪০ লাখ ৯৯ হাজার টাকা।
এর আগের ২৪ ঘণ্টায় রোববার (৩১ মে) সেতুটি দিয়ে মোট ৩৫ হাজার ৩৯২টি যানবাহন পারাপার হয়েছিল এবং টোল আদায় হয়েছিল ২ কোটি ৭ লাখ ৮২ হাজার টাকা। সেই হিসাবে একদিনের ব্যবধানে যানবাহন পারাপার কমেছে ১৬টি, কিন্তু টোল আদায় বেড়েছে ৩৩ লাখ ১৭ হাজার টাকা।
যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, ঈদ পরবর্তী সময়ে ঢাকামুখী যানবাহনের সংখ্যা বাড়ছে। সেতুর উভয় প্রান্তে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের প্রায় ২২ জেলার মানুষের সড়কপথে যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম যমুনা সেতু। ঈদের আগে ঘরমুখী মানুষের চাপ থাকলেও বর্তমানে কর্মস্থলমুখী যাত্রীর সংখ্যা বাড়তে শুরু করেছে। তবে এখন পর্যন্ত সেতু ও সংযোগ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।