গ্যাস সংযোগ পাবেন শিল্পমালিকরা

নিজস্ব প্রতিবেদক: শিল্পমালিকদের গ্যাস-সংযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংযোগ দেওয়ার আগে শিল্পপ্রতিষ্ঠানটি রপ্তানিমুখী কি না, তা বিবেচনা করা হবে। বিবেচনা করা হবে আবেদনের তারিখও। যাদের গ্যাস দেওয়া হবে, তা যেন নিরবচ্ছিন্ন হয়, তা-ও নিশ্চিত করা হবে।

বুধবার (১৬ এপ্রিল) এ সিদ্ধান্তের কথা জানিয়ে পেট্রোবাংলাকে চিঠি দিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

চিঠিতে বলা হয়, গ্যাস পাওয়ার উপযুক্ত শিল্পপ্রতিষ্ঠানগুলোর একটি তালিকা করা হবে। এ ছাড়া গ্যাস চাওয়া শিল্পপ্রতিষ্ঠানের অর্থনৈতিক প্রভাব বিশ্লেষণ করে সংযোগ দেওয়া হবে। এ তালিকা পেট্রোবাংলা ও মন্ত্রণালয়কে অবহিত করবে কোম্পানিগুলো। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কোম্পানির পরিচালনা পর্ষদই।

এর আগে গত রোববার নতুন শিল্প ও বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের দাম ৩৩ শতাংশ বাড়ায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। শিল্পে নিজস্ব বিদ্যুৎকেন্দ্রে (ক্যাপটিভ) ব্যবহৃত গ্যাসের দাম ছিল এতদিন ৩১ টাকা ৫০ পয়সা, বেড়ে তা হয়েছে ৪২ টাকা। বিনিয়োগ খরার এ সময়ে গ্যাসের মূল্য বৃদ্ধি নিয়ে সমালোচনামুখর ব্যবসায়ী ও শিল্পপতিরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button