‘বিবেকের তাড়নায়’ যুবলীগ নেতার পদত্যাগ

ডেস্ক রিপোর্ট

সম্প্রতি ঘটে যাওয়া কোটা সংস্কার আন্দোলনকারী ও সাধারণ জনগণকে নির্বিচারে হত্যা করায় বিবেকের তাড়নায় পদত্যাগ করেছেন মৌলভীবাজারের জুড়ী উপজেলা যুবলীগের সদস্য লন্ডনপ্রবাসী সায়েম জাফর ইমামী।

শনিবার (২৭ জুলাই) রাতে তিনি নিজ ফেসবুক আইডিতে ভিডিও পোস্ট দিয়ে যুবলীগ থেকে পদত্যাগের ঘোষণা দেন।

লন্ডনে অবস্থানরত এ যুবলীগ নেতা ফেসবুকের ভিডিও পোস্টে বলেন, আমি উপজেলা যুবলীগের সদস্য পদ থেকে সজ্ঞানে পদত্যাগ করলাম। আমি বিশ্বাস করি বাংলাদেশ একটি স্বাধীন ও গণতান্ত্রিক দেশ। গণতান্ত্রিক দেশ হিসেবে সব নাগরিকের যে কোনো দাবি উত্থাপনের মৌলিক অধিকার রয়েছে। কোটা আন্দোলন আমার কাছে মনে হয়েছে একটি যৌক্তিক আন্দোলন। এ যৌক্তিক আন্দোলনকে দমন করার জন্য যেভাবে সাধারণ শিক্ষার্থীসহ জনগণকে হত্যা করা হয়েছে, তা কোনোভাবেই মেনে নিতে পারছি না।

ভিডিওতে তিনি আরও বলেন, যুবলীগের মতো এমন একটি সংগঠনের সঙ্গে আমার নাম জড়িয়ে থাকায় নিজের বিবেকের কাছে প্রতিনিয়ত দংশিত হচ্ছি। এমন ন্যক্কারজনক হত্যা ও ঘটনার জন্য নিন্দা জানাই এবং এ হত্যাযজ্ঞের বিচার দাবি করছি।

জুড়ী উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু জানান, সায়েম আওয়ামী পরিবারের সন্তান এবং ছাত্রলীগের একজন একনিষ্ঠ কর্মী ছিলেন বিধায় যুবলীগের কমিটিতে স্থান পেয়েছিলেন। শুনেছি জাতীয় বিষয় নিয়ে ফেসবুকে তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছেন। অফিসিয়ালি কোনো পদত্যাগপত্র আমরা পাইনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button