গাজীপুর-৬ আসন পুনর্বহালের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ,,বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি।

মোঃ পাপেল মিয়া: গাজীপুর-৬ আসন পুনর্বহালের দাবিতে উত্তাল হয়ে উঠেছে গাজীপুরের টঙ্গী এলাকা।১২ নভেম্বর বুধবার সকালে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় জনতা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করে।সকাল ৯টা ৩০ মিনিট থেকে টঙ্গী কলেজ গেট ও টঙ্গী স্টেশন রোড এলাকায় এই বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। বিক্ষোভকারীরা “গাজীপুর-৬ আসন পুনর্বহাল করো” এবং “হাইকোর্টের ফ্যাসিস্ট বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের পদত্যাগ চাই”—এ ধরনের স্লোগান দিতে থাকে।
প্রায় এক ঘণ্টা ধরে চলা এই আকস্মিক অবরোধের ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীরা তীব্র ভোগান্তিতে পড়েন। নেতৃবৃন্দের নির্দেশে বিক্ষোভকারীরা সকাল সাড়ে ১০টার দিকে শান্তিপূর্ণভাবে সরে দাঁড়ালে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং যান চলাচল পুনরায় শুরু হয়।
বিক্ষোভ কর্মসূচিতে সাবেক সংসদ সদস্য হাসান উদ্দিন সরকার, কেন্দ্রীয় শ্রমিক দলের কার্যকরী সভাপতি আলহাজ্ব সালাউদ্দিন সরকার, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হাওলাদার, গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক পাপ্পু সরকার, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহবায়ক প্রভাষক বশির উদ্দিন এবং টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন সহ আরও অনেকে বক্তব্য রাখেন।
বক্তারা হাইকোর্টের বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের নির্দেশকে ‘গাজীপুরবাসীর ন্যায্য অধিকার কেড়ে নেওয়া’ হিসেবে অভিহিত করেন এবং তাঁর পদত্যাগ দাবি করেন।
গাজীপুরবাসীর প্রতি এই অবিচার আমরা মেনে নিবো না। গাজীপুর-৬ আসন পুনর্বহাল না করা পর্যন্ত আন্দোলন চলবে। আগামী ৭ দিনের মধ্যে সিদ্ধান্ত না নিলে আমরা বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হব।”টঙ্গী, গাছা ও পূবাইলের মানুষের পরিচয় ও মর্যাদার প্রতীক এই আসন পুনর্বহাল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বক্তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button