খিলক্ষেতে অপহৃত ব্যক্তি উদ্ধার, গ্রেপ্তার ৭

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জ এলাকা থেকে অপহৃত জিয়াউল মাহমুদ(৫০)’কে উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সঙ্গে অপহরণ চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার এবং অপহরণ কাজে ব্যবহৃত গাড়িসহ ভুক্তভোগীর নিজস্ব গাড়িটিও উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

গ্রেপ্তাররা হলেন– মো. ফারুক হোসেন (৩৬), মাহবুব মুন্সি (৩৮), অনিক (২৩), মো.জসিম (৩৬), মোহাম্মদ আলমগীর হোসেন (৩২), মাহাদি সরকার রাকিব (৩০) ও শিল্পী আক্তার ওরফে রানী (৪৬)।

খিলক্ষেত থানার বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, গতকাল সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে নিকুঞ্জ এলাকা থেকে জনৈক জিয়াউল মাহমুদ (৫০) নামের এক ব্যক্তিকে ছয় বা সাতজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি জোরপূর্বক একটি কালো রঙের হাইয়েস মাইক্রোবাসে তুলে অপহরণ করে। অপহরণকারীরা ওই সময় ভুক্তভোগীর ব্যবহৃত ব্যক্তিগত গাড়িটিও নিয়ে যায়।

ঘটনার পরপরই ভুক্তভোগীর স্ত্রী খিলক্ষেত থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর দ্রুততর সময়ে ঘটনাটি তদন্ত ও ভিকটিম উদ্ধারে তৎপরতা শুরু করা হয়। তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশের দলটি অপহরণকারীদের অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়।

তিনি িবলেন, মঙ্গলবার (৯ ডিসেম্বর) দিবাগত রাতে খিলক্ষেত থানার একটি আভিযানিক দল আশুলিয়া থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অপহৃত জিয়াউল মাহমুদকে নিরাপদে উদ্ধার করে। একই সময় অপহরণ চক্রের সাতজন সদস্যকে গ্রেপ্তার করা হয় এবং তাদের হেফাজতে থাকা ভুক্তভোগীর গাড়িটিও উদ্ধার করা সম্ভব হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button